বায়ুশক্তি উৎপাদনে ১৩০ কোটি ডলার বিনিয়োগ করবে ডেনমার্ক | বাংলাদেশ

বায়ুশক্তি উৎপাদনে ১৩০ কোটি ডলার বিনিয়োগ করবে ডেনমার্ক | বাংলাদেশ

<![CDATA[

ডেনমার্ক বাংলাদেশে সমুদ্র উপকূলবর্তী এলাকায় বায়ুশক্তি উৎপাদনে ১৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহ জানিয়েছে। বুধবার (১৯ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন এই আগ্রহের কথা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বলেন, ‘ডেনমার্ক সমুদ্র উপকূলবর্তী এলাকায় বায়ুশক্তি উৎপাদনে বাংলাদেশে ১৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহী।’

 

মিডিয়া ব্রিফিংয়ে প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে ডেনমার্কের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সহায়তা কামনা করেন। এ প্রসঙ্গে শেখ হাসিনা উল্লেখ করেন, বাংলাদেশ সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে, যেখানে বিদেশি ও দেশি উভয় ধরনের বিনিয়োগ প্রয়োজন।

প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রদূত বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে ৫০ বছরের উন্নয়ন অংশীদারিত্বের প্রশংসা করেন।  রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

 

আরও পড়ুন: বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও সুদৃঢ় হবে: চীনা রাষ্ট্রদূত

 

এ সময় শেখ হাসিনা জানান, তার সরকার দেশে দারিদ্র্যের হার অনেকাংশে কমিয়ে এনেছে। দেশে গণতন্ত্রের বিকাশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘ সংগ্রাম করেছি।’

 

ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, তার দেশ বিশ্বব্যাপী আইসিটি খাতে ষষ্ঠ বৃহত্তম রফতানিকারক দেশ। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের আইসিটি খাতও দ্রুত এগিয়ে যাচ্ছে।

 

আরও পড়ুন: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে রাশিয়ার কোনো হস্তক্ষেপ নেই: রাষ্ট্রদূত

 

পিটারসেন বলেন, দুই দেশ মানবউন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পারে। তিনি বলেন, ‘আমরা সহযোগিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করেছি।’

 

বিদায়ী রাষ্ট্রদূত আরও বলেছেন, তিনি বাংলাদেশে ভালো বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটিয়েছেন। তিনি উন্নয়ন অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীকে কিছু বই উপহার দেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।

 

সূত্র: বাসস
 

]]>