বাস্তবায়নে ঘাটতি থাকায় কাঙ্ক্ষিত ফল মিলছে না: বিডা চেয়ারম্যান | চ্যানেল আই অনলাইন

বাস্তবায়নে ঘাটতি থাকায় কাঙ্ক্ষিত ফল মিলছে না: বিডা চেয়ারম্যান | চ্যানেল আই অনলাইন

দেশে বিনিয়োগ বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, পরিকল্পনা ও প্রতিবেদন তৈরির পর সেগুলোর বাস্তবায়নে ঘাটতি থাকায় কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিডা ভবনে আয়োজিত ‘ইনভেস্টমেন্ট পলিসি রিভিউ ইমপ্লেমেন্টেশন রিপোর্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিডার নির্বাহী সদস্য নাহিয়ান রহমান রচি এবং ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দায়ারত্নে।

বিডা চেয়ারম্যান বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত অস্থির। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে চাপ ও পণ্য পরিবহনে বিঘ্ন তৈরি হয়েছে, যা বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা বাড়াচ্ছে। এর প্রভাব বাংলাদেশেও পড়ছে। এই পরিস্থিতিতে বিনিয়োগ, উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সংযুক্ত থাকার কারণে বাংলাদেশকে বিদ্যমান বিনিয়োগ সুরক্ষা ও নতুন বিনিয়োগ আকর্ষণে গুরুত্ব দিতে হবে। স্বাধীনতার পর থেকে এবং বিশেষ করে ২০১৩ সালের পর উল্লেখযোগ্য উন্নয়ন হলেও বিনিয়োগ সূচকে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ ও মোট বিনিয়োগের হার দীর্ঘদিন প্রায় স্থির রয়েছে, যা উদ্বেগের বিষয়।

পরিস্থিতি ব্যাখ্যা করতে তিনি বলেন, ১৯৭৪-৭৮ সময়কালে নেদারল্যান্ডসের ফুটবল দল ভালো খেলেও বিশ্বকাপ জিততে পারেনি। বাংলাদেশের বিনিয়োগ ক্ষেত্রেও একই চিত্র- কাজ হচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত ফল মিলছে না। এই অবস্থা কাটাতে পরিকল্পনার পাশাপাশি কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ এখন সংস্কারের দ্বিতীয় ধাপে প্রবেশের উপযুক্ত সময়ে রয়েছে। এ পর্যায়ে লক্ষ্য হওয়া উচিত উদ্দেশ্যনির্ভর পরিকল্পনা, দ্রুত বাস্তবায়ন এবং সমন্বিত উদ্যোগ। গত পাঁচ বছরে যে অগ্রগতি হয়েছে, আগামী দুই থেকে তিন বছরে একই মাত্রার পরিবর্তন আনা গেলে বাংলাদেশ বৈশ্বিক অর্থনীতির সঙ্গে আরও কার্যকরভাবে এগিয়ে যেতে পারবে।