বিএনপির নেতা রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল জামায়াত – DesheBideshe

বিএনপির নেতা রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল জামায়াত – DesheBideshe


বিএনপির নেতা রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল জামায়াত – DesheBideshe

ঢাকা, ৩১ মে – জামায়াতে ইসলামীর ইয়ানত সংগ্রহ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটি এই বক্তব্যকে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর হিসেবে অভিহিত করেছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, বিএনপি নেতার এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

ইয়ানত প্রসঙ্গে জুবায়ের ব্যাখ্যা করেন যে, এটি কোনো চাঁদাবাজি নয় বরং এটি একটি পবিত্র আমানত। জামায়াতে ইসলামীর সকল স্তরের নেতাকর্মীরা স্বেচ্ছায় ও সাগ্রহে প্রতি মাসে এই নির্দিষ্ট পরিমাণ অর্থ দান করেন। এটি মূলত আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং একটি কল্যাণকামী সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে কর্মীদের ত্যাগ।

বিবৃতিতে আরও বলা হয়, রিজভী সাহেব এই নিয়মতান্ত্রিকতাকে নেতিবাচক বিশেষণে বিশেষায়িত করে মূলত ধর্মপ্রাণ মানুষের অনুভূতি ও রাজনৈতিক শিষ্টাচারকে অপমান করেছেন। জামায়াত কখনোই ক্ষমতার দাপট দেখিয়ে বা জোর করে অর্থ আদায় করে না। জোরপূর্বক চাঁদাবাজি বা সন্ত্রাসের কোনো ইতিহাস জামায়াতের নেই।

জুবায়ের দাবি করেন, জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল এবং কোনো কর্মীর বিরুদ্ধে অভিযোগ এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

তিনি অভিযোগ করেন যে, জামায়াতের ক্রমবর্ধমান জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে নিজেদের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা আড়াল করতে বিএনপি নেতা এমন মনগড়া বক্তব্য দিয়েছেন। ভবিষ্যতে অরাজনৈতিক ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে তিনি বিএনপি নেতার প্রতি আহ্বান জানান।

এনএন/ ৩১ মে ২০২৬