প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন-এর মাতা বেগম জেবুন্নেছা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার ৬ মে প্রধানমন্ত্রী তার বিকালে ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়ে শোক প্রকাশ করেছেন। তিনি তার পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান।
তিনি বলেন, বেগম জেবুন্নেছা শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন এবং নিজের মেধা ও যোগ্যতা দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষিত করেছেন, যারা বর্তমানে সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখছেন।
তারেক রহমান আরও উল্লেখ করেন, মরহুমা একজন আদর্শ মাতা হিসেবে নিজের সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলেছেন। তিনি বলেন, বেগম জেবুন্নেছা একজন মহিয়সী নারী হিসেবে সমাজে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।





