
সিলেট, ১৫ মে – সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিছানাকান্দিতে ঘুরতে গিয়ে নিখোঁজ হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী। শুক্রবার (১৫ মে) বিকেল ৪টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী একটি জলাশয়ে গোসলে নেমে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ শিক্ষার্থীর নাম শান্ত বনিক। তিনি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র।
টুরিস্ট পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে তিন বন্ধু মিলে বিছানাকান্দির জিরো পয়েন্ট সংলগ্ন জলাশয়ে গোসল করতে নামেন। সাঁতার কাটার একপর্যায়ে দুজন তীরে উঠে আসতে সক্ষম হলেও শান্ত বনিক পানির স্রোতে বা গভীরতায় তলিয়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নৌকা নিয়ে খোঁজাখুঁজি শুরু করলেও তার কোনো সন্ধান পাননি।
বিছানাকান্দি টুরিস্ট পুলিশের ক্যাম্প ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে অবহিত করা হয়েছে। সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছাতে না পারলেও তারা পথে রয়েছে বলে জানা গেছে।
ক্যাম্প ইনচার্জ আরও বলেন, “ঘটনাস্থলটি ভারত-বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ড সংলগ্ন একটি জলাশয়। ডুবুরি দল পৌঁছানোর সাথে সাথেই আনুষ্ঠানিক উদ্ধার অভিযান শুরু হবে। পুলিশ ও স্থানীয় জনতা উদ্ধার কাজে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।”
শান্ত বনিকের নিখোঁজ হওয়ার খবর বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে গভীর উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। তার সন্ধানে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ও পরিচিতজন বিছানাকান্দির উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, পাহাড়ি ঢল ও গভীর জলাশয় হওয়ার কারণে বিছানাকান্দির কিছু এলাকা পর্যটকদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও প্রায়শই এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে।
এনএন/ ১৫ মে ২০২৬






