বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা, তিন বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬

বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা, তিন বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬

লালমনিরহাটের পাটগ্রামে নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত জব্দ করা ড্রেজার মেশিন ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং বিজিবি ক্যাম্পে ঢুকে দায়িত্বরত জওয়ানদের হুমকির অভিযোগ উঠেছে। বিজিবির ক্যাম্পে চড়াও হওয়া ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে স্থানীয় তিন বিএনপি নেতাসহ ৬ জনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার আলাউদ্দিন নগর বিজিবি ক্যাম্পে এ ঘটনা ঘটে। পরদিন বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির দায়ের করা মামলায় পাটগ্রাম থানা পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় কর্মী মতিউর রহমান, শাহাদাত হোসেন ও দুলাল মিয়া।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আলাউদ্দিন নগর মেচেরঘাট এলাকার ধরলা নদী থেকে অবৈধভাবে পাথর তোলার খবর পেয়ে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। অভিযানকালে নদী থেকে একটি ড্রেজার মেশিন জব্দ করে বিজিবি জওয়ানরা তা আলাউদ্দিন নগর ক্যাম্পে নিয়ে আসেন।

ড্রেজার মেশিন আটকের খবর ছড়িয়ে পড়লে বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে স্থানীয় কিছু নেতাকর্মী সরাসরি বিজিবি ক্যাম্পে প্রবেশ করেন। তারা সেখানে উগ্র আচরণ প্রদর্শন করে বিজিবি সদস্যদের ওপর চড়াও হন, অকথ্য ভাষায় হুমকি দেন এবং জোরপূর্বক জব্দকৃত ড্রেজারটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যরা কঠোর অবস্থান নেন এবং ঘটনাস্থল থেকেই ওই ৬ জনকে আটক করেন।

বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল রহমান জানান, বিজিবি ক্যাম্পে চড়াও হয়ে দায়িত্বরত সদস্যদের হুমকি প্রদান এবং সরকারি কাজে বাধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।