
🎧অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বিডিনিউজ২৪ ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২ অক্টোবর) লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তৌফিক ইমরোজ খালিদী কয়েকদিন আগে চিকিৎসার জন্য লন্ডনে যান। বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে তিনি মাথা ঘুরে পড়ে যান। সেখান থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।
আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকরা মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে তার মৃত্য হয়েছে বলে জানিয়েছেন।
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের গণমাধ্যমের আধুনিকায়ন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদীর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু দেশের সাংবাদিকতা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
বিডিনিউজ২৪ ডটকমের প্রধান সম্পাদকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান। তিনি বলেন, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতার এক নক্ষত্র হঠাৎ নিভে গেল, সাংবাদিকতার এক উজ্জ্বল অধ্যায়ের যবনিকাপাত ঘটল। তিনি যে অসংখ্য পেশাদার সংবাদকর্মী গড়ে তুলেছেন, তারা চিরদিন তাকে স্মরণ করবে।
তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ। ২০০৬ সাল থেকে তিনি নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আগে তিনি বাংলাদেশের পত্রিকায় সাংবাদিকতা করেন। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন। ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন জায়গায় গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণও নেন তিনি।
সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল— তিন মাধ্যমেই সাংবাদিকতার অভিজ্ঞতা ছিল খালিদীর। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকতা করেছেন তিনি। বিশেষ করে দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




