
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এশিয়ার বিভিন্ন দেশের তারকারা। কেউ সরাসরি অর্থ সহায়তা দিয়েছেন, কেউ ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন, আবার কেউ নিজেদের কনসার্টের পুরো আয় দুর্গতদের জন্য দেওয়ার ঘোষণা দিয়েছেন।
গত ২৬ আগস্ট হিমালয় অঞ্চলে হিমবাহ ধসের পর বরফ, পাথর ও কাদার স্রোতে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। রয়টার্সের তথ্য অনুযায়ী, এ দুর্যোগে নেপালে অন্তত হাজার মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজারো মানুষ। দুর্গম এলাকায় আটকে পড়াদের উদ্ধারে এখনো অভিযান চলছে। এরই মধ্যে ১১ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে এবং নেপালে ৪ কোটি ২০ লাখ ডলারের বেশি সহায়তা পৌঁছেছে।
এই কঠিন সময়ে নেপালের মানুষের পাশে দাঁড়িয়েছেন সংগীতশিল্পী, অভিনেতা ও বিনোদন জগতের পরিচিত মুখেরা।
কনসার্টের পুরো আয় দেবেন বিশাল মিশ্র
ভারতীয় সংগীতশিল্পী ও সুরকার বিশাল মিশ্র নেপাল ও ভারতের আসামে দুটি বিশেষ কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন। এসব কনসার্ট থেকে পাওয়া পুরো অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
‘পেহলে ভি ম্যায়’ ও ‘কাইসে হুয়া’সহ জনপ্রিয় গানের এই শিল্পী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, নেপালে ঘটে যাওয়া বিপর্যয়ের দৃশ্য দেখে তার মন ভারাক্রান্ত। তাই নেপাল ও আসামে কনসার্ট করে এর প্রতিটি পয়সা বন্যার্ত মানুষের জন্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে কনসার্ট দুটির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
৭২ হাজার ৬০০ ডলার দিলেন লি নো
নেপালের বন্যায় বড় অঙ্কের ব্যক্তিগত অনুদান দেওয়া তারকাদের মধ্যে রয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডসের সদস্য লি নো। তিনি ২৮ আগস্ট ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে ১০ কোটি দক্ষিণ কোরীয় উন, অর্থাৎ প্রায় ৭২ হাজার ৬০০ ডলার অনুদান দিয়েছেন।
এই অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারগুলোর খাবার, অস্থায়ী আশ্রয়, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থায় ব্যয় করা হবে।
লি নো বলেন, তার এই সহায়তা কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া মানুষদের সামান্য হলেও শক্তি জোগাবে, এটাই তার প্রত্যাশা।
অনুদানে অংশ নিচ্ছেন নেপালের তারকারাও
নেপালের তারকারাও প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে অর্থ সহায়তা দিয়েছেন এবং সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
জনপ্রিয় জুটি মদন কৃষ্ণ শ্রেষ্ঠ ও হরি বংশ আচার্য ‘মহা জোড়ি’ নামে পরিচিত, তারা যৌথভাবে ২ লাখ নেপালি রুপি দিয়েছেন। অভিনেতা বিরাজ ভট্ট দিয়েছেন ১ লাখ ৫১ হাজার রুপি। অভিনেত্রী নিতা ধুঙ্গানা এবং সংগীতশিল্পী রচনা রিমাল ও বেনিশা পৌডেল দিয়েছেন ১ লাখ রুপি করে।
অভিনেতা অনমোল কেসি নিজেও ত্রাণ কার্যক্রমে অর্থ সহায়তার কথা জানিয়েছেন। তবে কত টাকা দিয়েছেন, তা প্রকাশ করেননি। তার মতে, সহায়তার পরিমাণ বড় না ছোট-সেটি মূল বিষয় নয়; গুরুত্বপূর্ণ হলো মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা।
শুধু অনুদান নয়, দুর্গত এলাকায় সরাসরি ত্রাণ নিয়ে যাচ্ছেন তারকারা
শুধু অর্থ সহায়তা নয়, অনেক তারকা নিজেরাই দুর্গত এলাকায় গিয়ে মানুষের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন। মিস নেপাল দীপমালা ধাকাল নুওয়াকোটে গিয়ে ‘হামি নেপাল’ সংগঠনের সঙ্গে ত্রাণ বিতরণ করেছেন। সংগীতশিল্পী দুর্গেশ থাপাও দুর্গত এলাকায় গিয়ে খাবার ও পোশাক বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য খাবার পরিবেশন করেছেন।
অভিনেতা পল শাহ জানিয়েছেন, নুওয়াকোটের বিদুর পৌরসভার পিপালতারে ৪০০ পরিবারের কাছে তিনি ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন। এসব সামগ্রীর মধ্যে ছিল কম্বল, গদি, পোশাক, নুডলস, বিস্কুট, খাবার স্যালাইন ও স্যানিটারি প্যাড।
নেপালের বিপর্যয়ে সোচ্চার সোনু সুদ, মনীষা কৈরালা
দুর্যোগের ভয়াবহতা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব হয়েছেন ভারতীয় ও নেপালি তারকারা। বলিউড অভিনেতা সোনু সুদ নেপালের প্রতি সংহতি জানিয়ে বলেছেন, দেশটি একা নয়; খাবার, আশ্রয় ও পুনর্গঠনের জন্য সহযোগিতা নিয়ে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তারা।
নেপালে জন্ম নেওয়া বলিউড অভিনেত্রী মনীষা কৈরালাও নিয়মিতভাবে এই দুর্যোগ নিয়ে পোস্ট করছেন। দেশের মানুষের জন্য প্রার্থনা করার আহ্বান জানানোর পাশাপাশি বিপর্যয়ের ভয়াবহতাও তুলে ধরছেন তিনি। সেই সাথে বিশ্ববাসীকে নেপালে ভ্রমণ করারও আহ্বান জানান গুণী এই অভিনেত্রী।
নেপালে বেড়ে ওঠা ফ্যাশন ডিজাইনার প্রবাল গুরুংও ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি জানিয়েছেন। উদ্ধার অভিযান ধীরে ধীরে শেষ হয়ে এখন পুনর্বাসন ও পুনর্গঠনের দিকে এগোচ্ছে নেপাল। কিছু দুর্গম এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা ফিরতে শুরু করেছে। অস্থায়ী সেতু নির্মাণের মাধ্যমে উদ্ধারকারীদের দুর্গম এলাকায় পৌঁছানোর পথও তৈরি করা হচ্ছে। তবে ১ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৬০০ মানুষ বিভিন্ন এলাকায় আটকে ছিলেন বলে জানা গেছে। খালিজ টাইমস
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
