
ঢাকা, ২৯ আগস্ট – কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে আদালতের রায় লেখা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রাজধানীর এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ মিলনায়তনে ‘এআই গভর্নেন্স সামার স্কুল ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
প্রধান বিচারপতি বলেন, একটি রায় লেখার ক্ষেত্রে মামলার তথ্য, প্রযোজ্য আইন এবং বিচারকের নিজস্ব বিবেক ও চিন্তাশক্তির সমন্বয় অপরিহার্য। এর মধ্যে মানুষের বিবেক কোনোভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি রায় লিখতে প্রধানত তিনটি বিষয় প্রয়োজন হয়। প্রথমত মামলার প্রকৃত ঘটনা বা তথ্য বিশ্লেষণ, দ্বিতীয়ত সেই তথ্যের ওপর প্রযোজ্য আইন প্রয়োগ এবং সবশেষে বিচারকের নিজস্ব প্রজ্ঞা ও বিবেকের ব্যবহার।
তিনি উল্লেখ করেন যে, বিবেক মানুষের নিজস্ব স্বপ্রণোদিত চিন্তাশক্তির সঙ্গে সম্পর্কিত। মানুষ যখন তার চিন্তাশক্তি হারিয়ে ফেলবে তখন তার সত্তার গুরুত্ব কমে যাবে।
প্রধান বিচারপতি প্রযুক্তির অপব্যবহার রোধের ওপর গুরুত্বারোপ করে বলেন, এআই যেন কেবল ইতিবাচক কাজে ব্যবহৃত হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। তিনি ইংল্যান্ডের একটি উদাহরণ দিয়ে জানান যে, সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে লেখা এক রায়ে এমন কিছু রেফারেন্স পাওয়া গিয়েছিল যার বাস্তবে কোনো অস্তিত্ব ছিল না।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন মোহাম্মদ একরামুল হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাসনোভা শেলী বক্তব্য প্রদান করেন।
এনএন/ ২৯ আগস্ট ২০২৬


