বিরোধী দল এখনো তাদের সদস্যদের নাম প্রস্তাব না করায় ১৭ সদস্যের পরিবর্তে ১২ সদস্য নিয়েই সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির কার্যক্রম শুরু হচ্ছে। বিরোধী দলের জন্য সংরক্ষিত পাঁচটি পদ এখনো শূন্য রয়েছে। তারা সদস্যদের নাম দিলে কমিটি পুনর্গঠন করা হবে।
আজ (৪ আগস্ট) মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রথম বৈঠকে সদস্যদের পরিচিতি, ভবিষ্যৎ কার্যপরিকল্পনা এবং পরবর্তী বৈঠকের আলোচ্যসূচি নির্ধারণের বিষয়টি গুরুত্ব পাবে। মূলত দ্বিতীয় বৈঠক থেকে সংবিধান সংশোধনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০২৪ সালের জুলাই আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের দাবির ধারাবাহিকতায় বর্তমান সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে ক্ষমতার ভারসাম্য, নির্বাহী বিভাগের কর্তৃত্ব, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যকারিতাসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা চলছিল।
এর পরিপ্রেক্ষিতে গত ১৩ জুলাই জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়। একই দিন চিফ হুইপ ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলেও বিরোধী দলের জন্য পাঁচটি পদ শূন্য রেখে প্রাথমিকভাবে ১২ সদস্যের কমিটি অনুমোদন করা হয়। পরে বিরোধী দল সদস্যদের নাম প্রস্তাব করলে তাদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে বলে জানানো হয়।
বর্তমানে কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সদস্য হিসেবে রয়েছেন চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিব রহমান পার্থ, মোহাম্মদ নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং মোহাম্মদ অলিউল্লাহ।
সংশ্লিষ্টরা মনে করছেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বদলীয় অংশগ্রহণ কাঙ্ক্ষিত হলেও বিরোধী দলের প্রতিনিধিরা এখনো যুক্ত না হওয়ায় কমিটি অসম্পূর্ণ অবস্থাতেই কার্যক্রম শুরু করছে। তবে তারা যোগ দিলে কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে।





