বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৫ বিলিয়ন ছুঁইছুঁই | চ্যানেল আই অনলাইন

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৫ বিলিয়ন ছুঁইছুঁই | চ্যানেল আই অনলাইন

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমানে বাংলাদেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন ডলার। আর মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ বেড়ে হয়েছে ৩৭ দশমিক ৩৪ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার ২০ আগস্ট বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মাত্র দুই দিনের ব্যবধানে রিজার্ভে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। ১৮ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ২৪৫ দশমিক ০৬ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ৪৩৮ দশমিক ৯০ মিলিয়ন ডলার।

সেই হিসাবে দুই দিনে গ্রস রিজার্ভ বেড়েছে ১০৩ দশমিক ৩৭ মিলিয়ন ডলার। আর আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ বেড়েছে ৯৩ দশমিক ৯৯ মিলিয়ন ডলার।

আন্তর্জাতিক হিসাব পদ্ধতি অনুযায়ী, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দেওয়ার পর নিট বা প্রকৃত রিজার্ভের হিসাব করা হয়। বিপিএম-৬ পদ্ধতিতে মূলত এই হিসাব অনুসরণ করা হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার লেনদেনে শৃঙ্খলা ফিরে আসায় রিজার্ভের ওপর ইতিবাচক প্রভাব পড়ছে। ফলে সামগ্রিকভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।