
ছবি: ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক হিসেবে অরিঞ্জয় ধর।
ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অরিঞ্জয় ধর। তিনি ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স, টেকনোলজি, এডুকেশন, স্কিলস ডেভেলপমেন্ট, মাইগ্রেশন প্রোগ্রাম এবং অপারেশনস-এর তত্ত্বাবধান করবেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ব্যাংকিং, ক্ষুদ্রঋণ ও প্রযুক্তিখাতের শীর্ষ পর্যায়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে অরিঞ্জয় ধরের। দেশের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির প্রসার, পরিচালনাগত দক্ষতা এবং টেকসই আর্থিক অন্তর্ভুক্তিতে তিনি সফলভাবে নেতৃত্ব দিয়েছেন।
ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কার্যক্রম ও টেকনোলজি কৌশলগত উন্নয়নে অরিঞ্জয় ধর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২২ সালের জানুয়ারি মাসে তিনি ঊর্ধ্বতন পরিচালক হিসেবে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে যোগ দেন। তাঁর নেতৃত্বে মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসে এবং এর পরিধি প্রায় দ্বিগুণ হয়ে ওঠে। বর্তমানে ৩ হাজার ৩০০টি শাখার মাধ্যমে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি ১ কোটি ২০ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে।
নতুন দায়িত্ব পেয়ে অরিঞ্জয় ধর বলেন, ‘ব্র্যাকের এই কাজের সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। সমাজ যেভাবে দ্রুত পাল্টাচ্ছে, তাতে আমাদের প্রধান কাজ হওয়া উচিত সাধারণ মানুষের পাশে থাকা, তাদের প্রয়োজন বুঝে সেবা দেওয়া এবং তাদের উপকারে দীর্ঘমেয়াদি টেকসই পথ খুঁজে বের করা। ব্র্যাকের ভালো কাজ ও নতুন নতুন উদ্ভাবনকে সামনে এগিয়ে নিতে সহকর্মী ও অংশীজনদের সঙ্গে কাজ করার ব্যাপারে আমি আশাবাদী।’
ব্র্যাকে যোগ দেওয়ার পূর্বে অরিঞ্জয় ধর হংকং, কানাডা, চীন ও বাংলাদেশে এইচএসবিসি ব্যাংকে দুই দশকেরও বেশি সময় ধরে নির্বাহী ও আর্থিক নেতৃত্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ব্র্যাকে তিনি আর্থিক অন্তর্ভুক্তিমূলক বিভিন্ন উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন। তাঁর সময়েই ১৫ লাখ কৃষক শস্যবিমার আওতায় এসেছেন এবং ১ কোটি ২০ লাখ মানুষ ক্রেডিট শিল্ড ইন্সুরেন্সের সুবিধা পেয়েছেন।
তিনি মাইক্রোফাইন্যান্সের ডিজিটাল রূপান্তরেরও নেতৃত্ব দেন। ফলে এখন ১৭ লাখ গ্রাহক সরাসরি ব্র্যাকের অ্যাপ ব্যবহার করছেন। এছাড়া তাঁর সময়ে নেতৃত্ব পর্যায়ে নারীদের অংশগ্রহণ দ্বিগুণ হয়েছে। বর্তমানে ব্যাকের ক্ষুদ্রঋণ গ্রহীতাদের ৮৯ শতাংশ এবং কর্মীদের প্রায় ৪৫ শতাংশই নারী।
অরিন্দম ধর কর্পোরেট, একাডেমিক ও অলাভজনক বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পরিচালনা ও পরামর্শক পদে দায়িত্ব পালন করছেন। তিনি ব্র্যাকনেট লিমিটেডের চেয়ারম্যান এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও ব্র্যাক আইটি সার্ভিসেস-এর পরিচালনা পর্ষদের সদস্য। পাশাপাশি তিনি ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব গ্যালওয়ে এবং হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পরামর্শক হিসেবেও যুক্ত আছেন।
অরিন্দম ধর ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি থেকে মাস্টার্স (এমএসসি) ডিগ্রি অর্জন করেছেন। তিনি চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (যুক্তরাজ্য), সিপিএ অস্ট্রেলিয়া এবং ইনস্টিটিউট অব সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (অস্ট্রেলিয়া)-এর ফেলো।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
