মাত্র ৩০ বছর বয়সে চলে গেলেন জনপ্রিয় ভারতীয় টেলি অভিনেত্রী সঞ্চিতা উগলে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, নিজের ফ্ল্যাটেই আত্মহত্যা করেছেন তিনি। তবে ঠিক কী কারণে তিনি এই পথ বেছে নিলেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সঞ্চিতার এই আকস্মিক বিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না তার পরিবার, সহকর্মী ও অনুরাগীরা। বিনোদন জগতের অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে বলছেন, এত হাসিখুশি এবং প্রতিভাবান একটা মেয়ে যে ভেতরে ভেতরে এতটা ভেঙে পড়েছিল, তা ভাবাই যায় না।
ক্যারিয়ারের মধ্যগগনে থমকে গেল জীবন টেলিভিশন ও সিনেমা দুই মাধ্যমেই বেশ গুছিয়ে কাজ করছিলেন সঞ্চিতা। ‘কুমকুম ভাগ্য’ এবং ‘ওয়াগলে কি দুনিয়া’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের মন কেড়েছিল। এছাড়া ‘দিলওয়ালি দুলহা লে জায়েগি’ ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল তাকে।
শুধু ছোট পর্দা নয়, বড় পর্দাতেও নিজের জায়গা তৈরি করছিলেন সঞ্চিতা। ভিকি কৌশল অভিনীত ঐতিহাসিক সিনেমা ‘ছাবা’-তে ‘তারাবাই’-এর মতো একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এর পাশাপাশি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ শো-তে ‘সুকুন’ চরিত্রে তার কাজ বেশ প্রশংসিত হয়।
শেষ পোস্টে ছিল না কোনো বিষাদের ছাপ সাধারণত বিষণ্ণতার যে রূপ আমরা কল্পনা করি, সঞ্চিতার ক্ষেত্রে তা ছিল একদম উল্টো। মৃত্যুর ঠিক কিছু সময় আগেও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি রিল পোস্ট করেছিলেন তিনি। সেখানে একটি পেপি গানের তালে বেশ আনন্দের সঙ্গেই নাচতে দেখা গিয়েছিল তাকে। এই হাসিমুখের আড়ালেই যে এত বড় একটা ঝড় লুকিয়ে ছিল, তা কেউ টের পায়নি। এখন সেই ভিডিওর কমেন্ট বক্সেই উপচে পড়ছে অনুরাগীদের চোখের জল আর শেষ শ্রদ্ধা।




