ভেনেজুয়েলায় ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি: প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক – DesheBideshe

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি: প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক – DesheBideshe


ভেনেজুয়েলায় ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি: প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক – DesheBideshe

ঢাকা, ২৬ জুন – ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার এক শোকবার্তায় তিনি এই দুর্যোগে হতাহতদের প্রতি সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী তার শোকবার্তায় বলেন, ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে বহু মানুষের মর্মান্তিক মৃত্যু এবং জানমালের ক্ষয়ক্ষতিতে আমরা অত্যন্ত মর্মাহত।

বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং এই কঠিন সময়ে ভেনেজুয়েলার সরকার ও সাধারণ মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও উল্লেখ করেন যে, এই ভয়াবহ দুর্যোগ মোকাবিলায় ভেনেজুয়েলা যে ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিচ্ছে, বাংলাদেশ তার প্রতি পূর্ণ সমর্থন জানায়।

দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার কাজে ভেনেজুয়েলা সফল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যেগুলোর মাত্রা ছিল ৭.১ এবং ৭.৫। বিশেষ করে রাজধানী কারাকাসে ভূমিকম্পের তীব্রতা ছিল ভয়াবহ। এখন পর্যন্ত প্রাপ্ত সংবাদ অনুযায়ী, এই দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী কারলোস আলভ্যারাডো জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া বহু মানুষ হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেন এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

এনএন/ ২৬ জুন ২০২৬