প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের পর খুব অল্প সময়ের মধ্যেই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে।
শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সেবাদানকারী ব্যক্তিদের জন্য সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ভোটের কালি মোছার আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি।
প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা দিতে আজ থেকে একটি পাইলট প্রকল্প চালু করা হয়েছে। সরকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নৈতিক শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায়। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে ‘ফারমারস কার্ড’ বা কৃষক কার্ড চালু করার পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে দেশের খাল খনন কর্মসূচি শুরু হবে।
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের আর্থিক-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার রাষ্টীয় সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে চাই।
এর আগে অনুষ্ঠানে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সেবাদানকারী ব্যক্তিদের জন্য সম্মানি প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নতুন এই পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০ হাজার টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা।





