মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর জবাব | চ্যানেল আই অনলাইন

‘মক্কা প্যাক্ট’ বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা এবং এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, এই প্যাক্ট নিয়ে অন্যদের উদ্বেগের কোনো অবকাশ নেই।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মক্কা প্যাক্ট হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটা ব্যবস্থা এবং এটা আমাদের মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। সুতরাং এটা নিয়ে কারও, অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই।’

তিনি বলেন, বাংলাদেশ মক্কা প্যাক্টকে ইতিবাচক হিসেবেই দেখছে। তবে প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে এখনই আলোচনার সময় আসেনি।

খলিলুর রহমান বলেন, প্যাক্টে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়টি সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে। তারা বাংলাদেশকে এই প্যাক্টে নেওয়ার আগ্রহ প্রকাশ করলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিটি ‘মক্কা প্যাক্ট’ নামে পরিচিত।

চুক্তি অনুযায়ী, স্বাক্ষরকারী তিন দেশের যেকোনো একটির ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে।