মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে | চ্যানেল আই অনলাইন

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে | চ্যানেল আই অনলাইন

ঢাকা শহরের ৪১৬ বছর উদযাপন উপলক্ষে মতিঝিলের মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা ৪১৬’। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে শনিবার (২২ আগস্ট) শুরু হবে সপ্তাহব্যাপী এ উৎসব।

বুধবার মধুমিতা সিনেমা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।

তিনি জানান, উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

সপ্তাহব্যাপী উৎসবে দর্শকদের জন্য থাকছে বাংলা চলচ্চিত্রের ১৩টি উল্লেখযোগ্য সিনেমা। উদ্বোধনী দিন শনিবার সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’।

উৎসবের দ্বিতীয় দিন ২৩ আগস্ট বিকেল ৩টায় দেখানো হবে ‘নবাব সিরাজউদ্দৌলা’ এবং সন্ধ্যা ৬টায় ‘১৩ নং ফেকু ওস্তাগার লেন’।

২৪ আগস্ট বিকেল ৩টায় থাকছে জহির রায়হানের কালজয়ী ‘জীবন থেকে নেয়া’। একই দিন সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘নান্টু ঘটক’।

চতুর্থ দিন ২৫ আগস্ট বিকেল ৩টায় ‘অশিক্ষিত’ এবং সন্ধ্যা ৬টায় ‘রংবাজ’ প্রদর্শিত হবে।

পঞ্চম দিনে বিকেল ৩টায় দর্শক দেখতে পারবেন ‘সবুজ সাথী’, আর সন্ধ্যা ৬টায় থাকছে ‘নাচের পুতুল’। ষষ্ঠ দিন বিকেল ৩টায় ‘দূরদেশ’ এবং সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘দহন’।

২৮ আগস্ট উৎসবের শেষ দিন বিকেল ৩টায় প্রদর্শিত হবে ‘দোস্ত দুশমন’ এবং সন্ধ্যা ৬টায় ‘বধূ বিদায়’।

শুধু চলচ্চিত্র প্রদর্শনেই সীমাবদ্ধ থাকছে না ‘হৃদয়ে ঢাকা ৪১৬’। সমাপনী দিনে চলচ্চিত্র, সংস্কৃতি ও বিনোদন অঙ্গনে বিশেষ অবদানের জন্য শিল্পী, পরিচালক, লেখক, সংগীতশিল্পী, সংগীত পরিচালক, গীতিকার, চিত্রগ্রাহকসহ সাংস্কৃতিক অঙ্গনের ৫৮ জন গুণী ব্যক্তিকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

ঢাকার ইতিহাস, সংস্কৃতি ও চলচ্চিত্রের স্মৃতিকে একসূত্রে বেঁধে আয়োজিত এ উৎসবের মধ্য দিয়ে দর্শকদের সামনে ফিরে আসবে বাংলা সিনেমার নানা সময়ের জনপ্রিয় ও কালজয়ী কিছু চলচ্চিত্র।