ঢাকা, ৪ মার্চ – মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ওই অঞ্চলের যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে। বুধবার দুপুরে সংস্থার জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটে বিমানের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। তবে উল্লিখিত ছয়টি গন্তব্য ছাড়া জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাট রুটে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক নিয়মেই অব্যাহত রয়েছে।
স্থগিত হওয়া রুটের যাত্রীদের সুবিধার্থে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যারা ইতিমধ্যে টিকিট কেটেছেন, তারা কোনো অতিরিক্ত ফি ছাড়াই টিকিটের অর্থ ফেরত (রিফান্ড) নিতে পারবেন। এছাড়া চাইলে বিনামূল্যে যাত্রার তারিখও পরিবর্তন করার সুযোগ রয়েছে। যাত্রীরা দেশ-বিদেশের যেকোনো বিমান সেলস সেন্টার কিংবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি থেকে এই সেবা গ্রহণ করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য বিমানের কলসেন্টার নম্বর ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) অথবা +৮৮০৯৬১০৯১৩৬৩৬ (আন্তর্জাতিক)-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এস এম/ ৪ মার্চ ২০২৬






