
কক্সবাজার, ২২ আগস্ট – মহেশখালীতে অবস্থিত এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালটি তিন দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। আজ শনিবার দুপুর থেকে এই টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। এর ফলে গত কয়েক দিন ধরে দেশজুড়ে চলা তীব্র গ্যাস সংকট কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্রে জানা গেছে, সরবরাহ বাড়ার পর আজ বিকাল ৪টায় জাতীয় গ্রিডে মোট দুই হাজার ৩০৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে এক হাজার ৬২১ এবং এলএনজি থেকে ৬৮৬ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেছে।
গত কয়েক দিনের তুলনায় এটিই সর্বোচ্চ সরবরাহ। সংশ্লিষ্টরা জানান, আজ দুপুর ২টার দিকে এক্সিলারেট এনার্জির টার্মিনালটি থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস সরবরাহ শুরু করা হয়। প্রাথমিকভাবে দিনে প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হওয়ার পর সরবরাহের এই মাত্রা আরও বাড়ানো হবে।
মূলত টার্মিনালটিতে এলএনজি নিয়ে আসা জাহাজটি আগামীকাল রবিবার আসার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের একদিন আগে জাহাজটি উপকূলে পৌঁছে যাওয়ায় আজই টার্মিনালটি সচল করা সম্ভব হয়েছে। এর আগে মজুত ফুরিয়ে যাওয়ায় গত ১৯ আগস্ট থেকে এই টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল, যা দেশজুড়ে গ্যাস সংকটকে আরও ঘনীভূত করেছিল।
এস এম/ ২২ আগস্ট ২০২৬



