<![CDATA[
মাঝারি তাপদাহ শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। ফলে পথেঘাটে খেটে খাওয়া মানুষ ও রোজাদারদের প্রাণ ওষ্ঠাগত।
শনিবার (৮ এপ্রিল) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। চৈত্রের শেষে সূর্যের তাপে পুড়ছে জেলা। টানা কয়েক দিন মৃদু তাপদাহের পর শুরু হয়েছে মাঝারি তাপদাহ।
সরেজমিনে দেখা গেছে, সড়কে সাধারণ মানুষের উপস্থিতি খুবই কম। গরমের কারণে খেটে খাওয়া মানুষেরা রয়েছেন চরম ভোগান্তিতে। সূর্যের প্রখরতায় গাছের নিচে বসে চোখে-মুখে পানি দিয়ে গরম থেকে বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন: তীব্র গরমে অতিষ্ঠ চুয়াডাঙ্গাবাসী
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, টানা ৫ দিন ধরে চুয়াডাঙ্গায় মৃদু তাপদাহ অব্যাহত রয়েছে। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। শনিবার বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। তাপদাহ আরও কয়েক দিন অব্যাহত থাকবে।
]]>


