মাধ্যমিকে ফিরছে ভর্তি পরীক্ষা, থাকছে না কেন্দ্রীয় ব্যবস্থা | চ্যানেল আই অনলাইন

মাধ্যমিকে ফিরছে ভর্তি পরীক্ষা, থাকছে না কেন্দ্রীয় ব্যবস্থা | চ্যানেল আই অনলাইন

আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রমে নতুন পদ্ধতি চালু করতে যাচ্ছে সরকার। বর্তমানে প্রচলিত লটারিভিত্তিক ভর্তি ব্যবস্থা বাতিল করে ক্যাচমেন্ট এরিয়া ও মূল্যায়নভিত্তিক প্রক্রিয়ার সমন্বয়ে শিক্ষার্থী নির্বাচন করা হবে। তবে এ জন্য কেন্দ্রীয়ভাবে কোনো একক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ভর্তি কার্যক্রমে মূল্যায়নের ব্যবস্থা থাকলেও তা কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে না। স্থানীয় বাস্তবতা ও সংশ্লিষ্ট এলাকার শিক্ষার্থীদের বিবেচনায় রেখে ক্যাচমেন্ট এরিয়াভিত্তিক ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। ফলে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের পরীক্ষা বা মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করা হবে না।

তিনি জানান, অতীতের মতো স্থানীয় পরিস্থিতি বিবেচনায় রেখেই ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। নতুন ব্যবস্থায় ক্যাচমেন্ট এরিয়া এবং মূল্যায়ন প্রক্রিয়ার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ড. মিলন বলেন, আমরা কেন্দ্রীয়ভাবে একক ভর্তি পরীক্ষার দিকে যাচ্ছি না। আগে যেভাবে ভর্তি কার্যক্রম পরিচালিত হতো, সেই অভিজ্ঞতার ভিত্তিতেই ক্যাচমেন্ট এরিয়া ও মূল্যায়নের সমন্বয়ে নতুন ব্যবস্থা কার্যকর করা হবে।

ভর্তি মূল্যায়নের ধরন ও কাঠামো সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এ নিয়ে কাজ চলছে এবং যথাসময়ে বিস্তারিত রূপরেখা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ে লটারিভিত্তিক ভর্তি ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত ইতোমধ্যে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন পদ্ধতিতে শিক্ষার্থীদের এলাকার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি তাদের মূল্যায়নের সুযোগও রাখা হবে।