মানিকগঞ্জে শিশু হত্যায় জড়িত সন্দেহে গণপিটুনিতে নিহত ২ | চ্যানেল আই অনলাইন

মানিকগঞ্জে শিশু হত্যায় জড়িত সন্দেহে গণপিটুনিতে নিহত ২ | চ্যানেল আই অনলাইন

মানিকগঞ্জে ৯ বছরের শিশু আতিকা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ১৬ এপ্রিল দিবাগত মধ্যরাতে সদর উপজেলার বনপারিল এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার বনপারিল এলাকায় অটোচালক পান্নু মিয়া ও তার ভাই ফজলু মিয়া এবং শিশু আতিকা একই এলাকার দুদুল মিয়ার মেয়ে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে বনপারিল এলাকার একটি ভুট্টা খেত থেকে শিশু আতিকার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

পুলিশ জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে শিশু আতিকা হঠাৎ নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেওয়া হয় এবং এলাকায় মাইকিং করে খোঁজ করা হয়। এরপর রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে আতিকাকে হত্যা করা ও তার কানের স্বর্ণের দুল ও গলার চেইন হাতিয়ে নেয়া হয়েছে সন্দেহ করে স্থানীয় অটোচালক পান্নু মিয়া, তার ভাই ফজলু মিয়া ও পান্নু মিয়ার ছেলে নাজমুল হোসেনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে পান্নু মিয়া ও ফজলু মিয়া ঘটনাস্থলেই নিহত হয় এবং গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাজমুলকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছে। এরপর শিশু আতিকার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়।

এ বিষয়ে তদন্ত করে শিশু ও গণপিটুনিতে নিহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।