দেশের অভিনয়জগতের পরিচিত মুখ ও জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা রহমান আর নেই। সোমবার (৩ আগস্ট) রাত ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এই গুণী শিল্পী।
রিনা রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’। সংগঠনটির পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
জানা গেছে, অসুস্থতার মধ্যেও অভিনয় চালিয়ে গেছেন রিনা রহমান। তবে শারীরিক অবস্থার অবনতির কারণে সম্প্রতি নিয়মিত কাজ থেকে কিছুটা বিরতি নিতে বাধ্য হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক পরম্পরায় অভিনয় করছিলেন।
রিনা রহমানের অভিনয়ে হাতেখড়ি খুলনায়। খুলনা নাট্যনিকেতনের সঙ্গে যুক্ত হয়ে অভিনয় শেখার পাশাপাশি শুরুতে নাচ ও পরে গানেও প্রশিক্ষণ নেন। এরপর ধীরে ধীরে নিজেকে অভিনয়ে প্রতিষ্ঠিত করেন। খুলনার মঞ্চে দীর্ঘদিন কাজ করার পর ঢাকায় এসে বিভিন্ন নাট্যদলের সঙ্গে মঞ্চনাটকে নিয়মিত অভিনয় করেন।
দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেন রিনা রহমান। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির কালজয়ী ধারাবাহিক সংশপ্তক (১৯৮৭), চলচ্চিত্র ঠিকানা (১৯৯৪), ঘানি (২০০৬) এবং জনপ্রিয় ধারাবাহিক নাটক মান অভিমান।
রিনা রহমানের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা সামাজিক মাধ্যমে তাঁর স্মৃতিচারণ করে গভীর শোক প্রকাশ করছেন।





