মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল | চ্যানেল আই অনলাইন

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল | চ্যানেল আই অনলাইন

প্রবীণ সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

সিকদার মেডিকেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

রাতে ধানমণ্ডিতে তার বাড়ি ‘সাঁঝের মায়া’য় মরদেহ রাখা হবে। আগামীকাল রোববার জোহরের নামাজ শেষে ধানমণ্ডির তাকওয়া মসজিদে হবে জানাজার নামাজ।

কবি সুফিয়া কামালের পুত্র শাহেদ কামাল ১৯৫৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর প্রধান বার্তা সম্পাদক হিসেবে অবসরে যান তিনি।

১৯৭৬ সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৮৬ বছরে পা দেয়ার কয়েকদিন আগে ইন্তেকাল করলেন তিনি।

শাহেদ কামাল এর মৃত্যুতে শোকবার্তা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

শোকবার্তায় বলা হয়, শাহেদ কামালের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। একইসাথে তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি।

জানাযা ও দাফন
১. আগামীকাল রোববার (৫ জুলাই) সকাল ৯টা থেকে ১০. ৪৫টা পর্যন্ত ধানমন্ডির ৩২ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ি ‘সাঁঝের মায়া’তে শ্রদ্ধা প্রদর্শন।

২. সকাল ১১টায় ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম নামাযে জানাজা।

৩. দুপুর ১২টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ প্রাঙ্গণে শ্রদ্ধা প্রদর্শনের জন্য মরদেহ রাখা হবে।

৪. বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় নামাযে জানাজা অনুষ্ঠিত হবে।

৫. দুপুর ২:৩০টায় জাতীয় প্রেসক্লাবে শ্রদ্ধা প্রদর্শনের জন্য মরদেহ রাখা হবে।

৬. বিকেল ৪টার সময় আজিমপুর কবরস্থানে মায়ের কবরে (প্রয়াত কবি সুফিয়া কামাল) দাফন করা হবে।