গেল কদিন থেকেই গুঞ্জন চলছিল মা হতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভূ। এবার সেই গুঞ্জনে সিলমোহর দিলেন অভিনেত্রী।
সম্প্রতি মুক্তি পাওয়া তার নতুন চলচ্চিত্র ‘মা ইন্টি বাঙ্গারাম’-এর সাফল্য উদ্যাপন অনুষ্ঠানে তিনি এই খুশির খবরটি ভাগ করে নেন। অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সামান্থা জানান, বর্তমানে হাতে থাকা কাজগুলো শেষ করেই তিনি অভিনয় থেকে সাময়িক বিরতিতে যাবেন।
নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মা ইন্টি বাঙ্গারাম’-এর পর বর্তমান পরিস্থিতির কারণে আমাকে ছোট্ট একটা বিরতি নিতেই হচ্ছে। আমাকে মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে। তবে ছুটি শেষে ভক্তদের জন্য নতুন সিনেমা নিয়ে আবারও পর্দায় ফিরব।
সামান্থা যখন এই সুখবরটি দিচ্ছিলেন, তখন তার পাশেই বসেছিলেন স্বামী তথা বলিউডের প্রখ্যাত পরিচালক রাজ নিডিমোরু এবং তার মুখেও ছিল চওড়া হাসি। উপস্থিত সকলেই এই দম্পতিকে আন্তরিক শুভেচ্ছা জানান।
গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে সামান্থার মা হতে যাওয়ার খবরটি নিয়ে তুমুল আলোচনা চলছিল। মূলত ‘মা ইন্টি বাঙ্গারাম’ ছবির সাফল্য উদ্যাপনের কিছু ভিডিও অনলাইনে আসার পর থেকেই এই গুঞ্জনের সূত্রপাত হয়, যেখানে ভক্তরা তার অবয়বে মাতৃত্বের ছাপ লক্ষ করেছিলেন।
সামান্থা ও রাজের বিয়ে সম্পন্ন হয়েছিল ২০২৫ সালের ১ ডিসেম্বর। কোয়েম্বাটুরের ঈশা ফাউন্ডেশনে অত্যন্ত অন্তরঙ্গ এক আয়োজনের মধ্য দিয়ে তারা বিয়ের পিঁড়িতে বসেন এবং সেদিনই ইনস্টাগ্রামে বিয়ের কিছু ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন সামান্থা। এর আগে তারা দুজনে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ একসঙ্গে কাজ করেছিলেন।





