মুক্তির আগেই ফাঁস বিজয়ের শেষ সিনেমা, পাইরেসি চক্রে ধরপাকড় | চ্যানেল আই অনলাইন

মুক্তির আগেই ফাঁস বিজয়ের শেষ সিনেমা, পাইরেসি চক্রে ধরপাকড় | চ্যানেল আই অনলাইন

মুক্তির আগেই ফাঁস হয়ে গেল দক্ষিণ ভারতীয় সুপারস্টার থালাপতি বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়গণ’। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে তামিলনাড়ু পুলিশের সাইবার উইং।

পুলিশ জানায়, গত ১০ এপ্রিল প্রায় পৌনে চারশো কোটি ব্যয়ে নির্মিত সিনেমাটির এইচডি প্রিন্ট অনলাইনে ছড়িয়ে পড়ে, যা দ্রুত বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে যায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সাইবার ক্রাইম ইউনিট এবং ১২ এপ্রিল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

তদন্তে জানা গেছে, একটি চক্র ক্লাউড স্টোরেজ ও শেয়ারিং লিংকের মাধ্যমে সিনেমাটির পাইরেটেড কপি আপলোড ও ছড়িয়ে দিচ্ছিল। ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে তাদের শনাক্ত করে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রমাণ জব্দ করা হয়েছে এবং আদালতে হাজির করে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।

এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধি, তথ্যপ্রযুক্তি আইন, কপিরাইট আইন ও সিনেমাটোগ্রাফ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পাইরেসি দমনে ৩০০-র বেশি অবৈধ লিংক ইতোমধ্যে ব্লক করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

পুলিশের পক্ষ থেকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, পাইরেটেড কনটেন্ট ডাউনলোড, স্ট্রিমিং বা শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সন্দেহজনক লিংক পেলে তা জাতীয় সাইবার ক্রাইম পোর্টালে জানানোর আহ্বানও জানানো হয়েছে।

প্রসঙ্গত, ‘জন নায়গণ’ সিনেমাটি পরিচালনা করেছেন এইচ বিনোথ এবং প্রযোজনা করেছে কেভিএন প্রোডাকশনস। সিনেমাটিকে বিজয়ের সম্ভাব্য শেষ চলচ্চিত্র হিসেবে ধরা হচ্ছে, কারণ এর পর তিনি তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) নিয়ে পূর্ণকালীন রাজনীতিতে যুক্ত হওয়ার পরিকল্পনা করেছেন।

বিজয় ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে, প্রকাশ রাজ ও প্রিয়ামনিসহ বহু পরিচিত মুখ। ডিএনএ ইন্ডিয়া