মুক্তি পেয়েই ভারতে দিলজিতের ছবির প্রদর্শন বন্ধ, কেন? | চ্যানেল আই অনলাইন

মুক্তি পেয়েই ভারতে দিলজিতের ছবির প্রদর্শন বন্ধ, কেন? | চ্যানেল আই অনলাইন

বহু বিতর্কের পরে অবশেষে ওটিটি-তে মুক্তি পেয়েছিল দিলজিৎ দোসাঞ্জের ছবি ‘সতলুজ’। কিন্তু অজানা কারণে আচমকাই ভারতে বন্ধ হয়ে গেল ছবির প্রদর্শন। এই বিষয়ে ইতিমধ্যেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন দিলজিৎ।

পাঞ্জাবের প্রেক্ষাপটে এই ছবিটি যশবন্ত সিং নামে প্রাক্তন এক ব্যাঙ্ক ম্যানেজার তথা এক মানবাধিকার কর্মীর জীবনকে কেন্দ্র করে তৈরি। শুরু থেকেই ছবিটি নিয়ে বিতর্ক তৈরি হয়।

দিলজিৎ ইনস্টাগ্রামের একটি লাইভ সেশনে জানান যে, তিনি আন্দাজই করেছিলেন, এই ছবির প্রদর্শন বন্ধ করে দেওয়া হবে। তাই অবাক হননি। তবে তিনি অনুমান করেছিলেন, সোমবার থেকে হয়তো প্রদর্শন বন্ধ হবে। কিন্তু এক দিন আগেই তা হওয়ায় কিছুটা অবাক তিনি।

৩ জুলাই ওটিটি-তে মুক্তি পেয়েছিল এই ছবি। ওটিটি মঞ্চের তরফে জানানো হয়েছে, ‘বর্তমান পরিস্থিতি’র কথা মাথায় রেখে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ‘সতলুজ’ দেখানো সম্ভব হচ্ছে না। তবে তিন দিনের মধ্যেই বহু দর্শকের কাছে পৌঁছে গিয়েছিল এই ছবি, মনে করছেন দিলজিৎ। দর্শকের একাংশ এই ছবি ইতিমধ্যেই ডাউনলোডও করে ফেলেছেন বলেও মনে করছেন দিলজিৎ। তাই তিনি খুব একটা হতাশ নন।

দিলজিৎ অভিযোগ করেন, ১৯৯৫ সাল থেকে পাঞ্জাবের কণ্ঠরোধের চেষ্টা চলছে। তার দাবি, ২০২৬ সালেও সেই পরিস্থিতি বদলায়নি। তবে তার মতে, ছবি সরিয়ে দেওয়া হলেও ‘সতলুজ’-এর কণ্ঠ আর চাপা দেওয়া যাবে না। কারণ, এই ছবির গল্প ইতিমধ্যেই বহু মানুষের কাছে পৌঁছে গিয়েছে। অভিনেতা আরও জানান, তিনি বা ছবির নির্মাতারা কখনও পাঞ্জাবি চলচ্চিত্রজগৎ বা বলিউডের কারও কাছে সাহায্য চাননি।

দিলজিতের কথায়, ‘‘গত তিন-চার বছর ধরে এই ছবি মুক্তির জন্য লড়াই করছি। কারও কাছে গিয়ে সমর্থন চাইনি। পাঞ্জাবি ইন্ডাস্ট্রি বা বলিউডের কাউকেই বলিনি, আমাদের ছবির মুক্তিতে সাহায্য করুন। এই লড়াই আমরা নিজেরাই লড়েছি।’’