<![CDATA[
মুন্সীগঞ্জ সদর উপজেলায় এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে।
সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মিরকাদিম পৌরসভার তিলারদিচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম সিফাত হোসেন (১৬)। সে ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ও পৌরসভার রিকাবিবাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
অন্যদিকে তার বন্ধু সোহান তিলারদিচর এলাকার মো. সোহেলের ছেলে। সে স্থানীয় একটি ফার্নিচারের দোকানে কাজ করতো।
নিহতের বোন সুমাইয়া আক্তার অভিযোগ করে জানান, ইফতারের পর দুই বন্ধু সিফাত ও সোহান একসঙ্গে ঘোরাঘুরি করছিলো বাড়ির বাইরে। রাতে তিলারদিচর জামে মসজিদ সংলগ্ন বাশের সাঁকোতে উঠে দুজন। এ সময় সিফাত ধাক্কা দেয় বন্ধু সোহানকে। এতে ক্ষিপ্ত হয়ে সোহান গলাটিপে ধরে সিফাতের। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন সিফাত। খবর পেয়ে মামাতো ভাই সাঈদসহ স্থানীয়রা তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ময়মনসিংহে যুবককে বেঁধে কেরোসিন ঢেলে হত্যাচেষ্টা, আটক ২
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এম এ কালাম প্রধান বলেন, রাত সোয়া ৮ টার দিকে সিফাত নামের ওই কিশোরকে আনা হয়। আনার আগেই সে মারা গিয়েছিলো। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সদর হাতিমাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমর চন্দ্র দাস বলেন, দুই কিশোরের মধ্যে সামান্য ঘটনা নিয়ে এ মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
]]>



