‘মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব মানবসম্পদ গড়তে চায় সরকার’

‘মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব মানবসম্পদ গড়তে চায় সরকার’

প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্বশীল মানবসম্পদ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত এর অগ্রযাত্রা প্রমাণ করে যে বিএনপি সরকার সবসময়ই দেশ ও জনগণের স্বার্থে একটি দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তোলার চেষ্টা করেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখা হবে বলে তিনি জানান।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, ২০২৪ সালের ওই গণ-অভ্যুত্থান আবারও প্রমাণ করেছে যে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশা করে আসছে এবং বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণে কাজ করছে।

আরও পড়ুন: পুলিশের ভয়ে কানের ভেতর ঢুকিয়ে ফেলেন ইয়াবা, অতঃপর…

তিনি আরও বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে প্রশাসনকে আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।