মেলবোর্ন ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত হবেন পঙ্কজ ত্রিপাঠী | চ্যানেল আই অনলাইন

মেলবোর্ন ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত হবেন পঙ্কজ ত্রিপাঠী | চ্যানেল আই অনলাইন

ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন ২০২৬-এ বিশেষ সম্মানে ভূষিত হতে চলেছেন পঙ্কজ ত্রিপাঠী। জনপ্রিয় অভিনেতা পাচ্ছেন ‘আর্টিস্ট অফ ডিস্টিংশন’ খেতাব। ভারতীয় সিনেমা জগতে তার অনন্য অবদান ও জার্নিকে উদযাপন করতেই এই সম্মান দেওয়া হচ্ছে। আগামী ১৩ আগস্ট ফেস্টিভ্যাল শুরুর দিনে আইকনিক প্যালেস থিয়েটারে হাজির থেকে অভিনেতা পুরস্কার নেবেন বলেই জানা যাচ্ছে।

এই সম্মান জাতীয় পুরস্কারজয়ী অভিনেতার ক্যারিয়ারে আরেকটি বড় সাফল্য। সিনেমা হোক বা সিরিজ, সাধারণ একাধিক চরিত্রকে অসাধারণ মেজাজে বারবার পর্দায় ফুটিয়ে তুলেছেন পঙ্কজ ত্রিপাঠী। দাপুটে অভিনয় ও বাস্তব জীবনে ডাউন টু আর্থ নেচার অভিনেতাকে ক্রমেই অনুরাগীদের মধ্যে জনপ্রিয় করে তুলেছে।

‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এর সুলতান কুরেশি হোক বা ‘মির্জাপুর’-এর প্রিয় কালিন ভাইয়া, সব চরিত্রেই তিনি নিজের ছাপ রেখেছেন। তাছাড়া ‘মিমি’, ‘নিউটন’, ‘স্ত্রী’, ‘বরেলি কি বরফি’, ‘ফুকরে’, ‘মাসান’, ‘ওএমজি ২’ থেকে ‘ম্যায় অটল হুঁ’-এর মতো একাধিক ছবিতে তার অভিনয় এখনও সিনেমাপ্রেমীদের মন ছুঁয়ে রয়েছে। যে কোন সাধারণ এক মানুষকে দারুণ সাবলীল ভাবে পর্দায় ফুটিয়ে তোলার ক্ষমতা তাকে সমালোচকদের প্রশংসা এবং বিশ্বজুড়ে অনুরাগীদের ভালোবাসা এনে দিয়েছে।

বিশেষ এই সম্মানে ভূষিত হওয়ার খবর শুনে পঙ্কজ ত্রিপাঠী বলেছেন, ‘মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘আর্টিস্ট অফ ডিস্টিংশন’ সম্মান পাওয়াটা অত্যন্ত সম্মানের বিষয়। একজন অভিনেতা হিসেবে আমি সব সময়ে বিশ্বাস করি যে, ভালো কোন গল্পের মধ্যে ভাষা বা ভৌগোলিক সীমানার ব্যবধান পেরিয়ে মানুষের মন ছুঁয়ে ফেলার অসাধারণ ক্ষমতা রয়েছে।

সঙ্গে বলতে চাই, আমার ক্যারিয়ারের সঙ্গে যুক্ত সকল লেখক, পরিচালক, সহ-অভিনেতা এবং সর্বোপরি দর্শকদের বিশ্বাস ও সহযোগিতার কারণেই সবটা সম্ভব হয়েছে। এই স্বীকৃতি আমার যতটা, তাদেরও ঠিক ততটাই। কখনও ভাবিনি যে, বিহারের একটা ছোট গ্রাম থেকে উঠে এসে আমি যে গল্পগুলোর অঙ্গ হব, তা নিয়ে একদিন বিশ্বজুড়ে চর্চা হবে।’

ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নের তরফে জানানো হয়েছে, ‘পঙ্কজ ত্রিপাঠী বর্তমান প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা। তিনি এমন একজন শিল্পী যার অভিনয় ভাষা, ভূগোল এবং সংস্কৃতির সীমানাকে ভেঙে দিয়েছে। বছরের পর বছর ধরে বক্স অফিসে সাফল্য ও ক্রিটিকালি অ্যাক্লেইমড প্রোজেক্টের মধ্যে ভারসাম্য বজায় রেখে নিজেকে ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন পঙ্কজ।’

আগামী ১৩ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত আইএফএফএম ২০২৬ অনুষ্ঠিত হবে। সিনেমার সঙ্গে যুক্ত ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পীরা যেখানে একত্রিত হন।