গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হওয়ার আগে ডালাসে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি। আর সেখানেই তিনি দিয়েছেন দিনের সবচেয়ে বড় ও চমকপ্রদ খবর—জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না অধিনায়ক লিওনেল মেসি।
‘লিও বেঞ্চ থেকে ম্যাচ শুরু করবে। সে শুরু থেকে খেলছে না, তবে পরে নামবে। একাদশ আমি চূড়ান্ত করে ফেলেছি, তবে সেটি আগামীকাল (ম্যাচের দিন) জানাবো’, জানান স্কালোনি।
কোচ স্পষ্ট করে দিয়েছেন যে মেসিকে পুরোপুরি বিশ্রাম দেওয়া হচ্ছে না, বরং ম্যাচের পরিস্থিতি বুঝে দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামানো হবে। “সে খেলবে। নিশ্চিতভাবেই দ্বিতীয়ার্ধে মাঠে নামবে,” যোগ করেন স্কালোনি।
মেসিকে শুরুর একাদশে না রাখা ছাড়াও জর্ডান ম্যাচে দলে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছেন স্কালোনি। তবে যারা সুযোগ পাচ্ছেন, তাদের ওপর পূর্ণ আস্থা রয়েছে কোচের।
সুযোগ পাওয়ার যোগ্যতা: “যারা খেলবে, তারা খেলার যোগ্য বলেই নামবে। এরা দলের অংশ এবং যখন তারা মূল একাদশে থাকে না, তখনো অনুশীলনে সবার আগে থাকে। কোচ হিসেবে যখনই আমি তাদের সুযোগ দেওয়ার সুযোগ পাই, তা হাতছাড়া করি না।”
খেলার ধরন অপরিবর্তিত: “নাম পরিবর্তন হতে পারে, কিন্তু আমাদের খেলার দর্শন একই থাকবে। এই জার্সির মর্যাদা ধরে রাখতে আমাদের প্রতিটি ম্যাচেই জয়ের জন্য মাঠে নামতে হবে।”
রূপকথা লিখে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনারূপকথা লিখে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা
বিশ্বকাপের নকআউট পর্বের জন্য ট্যাকটিক্যাল সিস্টেমে কোনো আমূল পরিবর্তন আসবে কিনা, এমন প্রশ্নে স্কালোনি জানান, নিজেদের চেনা ছন্দ থেকে তারা সরবেন না।
“হুট করে নিজেদের খেলার ধরন বদলে ফেলা কঠিন, এটা আমাদের সহজাত বৈশিষ্ট্য নয়। তবে প্রতিপক্ষের শক্তি বুঝে আমাদের কিছুটা সতর্ক হতে হবে। ফুটবল জেতার কোনো নির্দিষ্ট একটি উপায় নেই। কেউ বল পজিশন রেখে আক্রমণ করে জিতছে (যেমন স্পেন বা আমরা), কেউ কাউন্টার অ্যাটাকে ভালো করছে, আবার কেউ রক্ষণ সামলে সফল হচ্ছে। যেমনটা আমরা গতকাল অস্ট্রেলিয়া বনাম প্যারাগুয়ে ম্যাচে দেখলাম, দুটি দলই কঠিন ফুটবল খেলে ০-০ ড্র করে কোয়ালিফাই করেছে।”




