মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে | চ্যানেল আই অনলাইন

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপ অভিষেকেই শেষ ষোলোতে উঠে চমক দেখানো কেপ ভার্দের সামনে এবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মিয়ামিতে গড়াবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। ‘এইচ’ গ্রুপে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের সঙ্গে লড়াই করে অপরাজিত রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে আফ্রিকার দেশটি। তিন ম্যাচে তারা মাত্র দুটি গোল হজম করেছে।

ম্যাচের আগে কেপ ভার্দের প্রেসিডেন্ট জুজে মারিয়া পেরেইরা নেভ্‌স বলেছেন, ‘লিওনেল মেসি ও আর্জেন্টিনা জাতীয় দলকে স্বাগত জানানো হবে দারুণ সম্মানের সঙ্গে। আমরা তার জন‍্য একটি উপহার রেখেছি। সেটা হলো কেপ ভার্দে জাতীয় দলের একটি জার্সি, যেটার পেছনে ১০ নম্বর ও মেসির নাম লেখা থাকবে।’

তবে মাঠের লড়াইয়ে কোন ছাড় দিতে রাজি নয় কেপ ভার্দে। নেভ্‌সের ভাষ্য, দলটি জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে এবং আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর সামর্থ্য তাদের রয়েছে। বিশ্বকাপে নিজেদের ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়বে কেপ ভার্দে।