মোটরযান বিক্রির পর দ্রুত মালিকানা পরিবর্তনের জরুরি নির্দেশনা বিআরটিএর – DesheBideshe

মোটরযান বিক্রির পর দ্রুত মালিকানা পরিবর্তনের জরুরি নির্দেশনা বিআরটিএর – DesheBideshe


মোটরযান বিক্রির পর দ্রুত মালিকানা পরিবর্তনের জরুরি নির্দেশনা বিআরটিএর – DesheBideshe

ঢাকা, ২৪ জুন – মোটরযান বিক্রির পর যথাযথ নিয়ম মেনে মালিকানা হস্তান্তর না করায় অনেক বিক্রেতা আর্থিক ও আইনি জটিলতায় পড়ছেন। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টদের সতর্ক করে জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ। বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি এই তথ্য জানায়।

বিআরটিএ জানিয়েছে যে অনেক ক্ষেত্রে মোটরযান বিক্রির পর ক্রেতারা মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া শেষ করেন না। এতে করে সংশ্লিষ্ট যানবাহনের কর, সারচার্জ এবং অন্যান্য আর্থিক দায়ভার আগের মালিকের নামেই রয়ে যায়। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ২১ ধারা অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক।

নিয়ম না মানলে অগ্রিম আয়কর এবং বিশেষ ক্ষেত্রে ১৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত সারচার্জ ও পরিবেশ সারচার্জের বোঝা বিক্রেতার ওপর পড়ছে। এই সমস্যা নিরসনে প্রক্রিয়া সহজ করেছে বিআরটিএ। মালিকানা পরিবর্তনের জন্য প্রথমে অনলাইনে আবেদন করতে হবে।

এরপর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ড হেল্ড ডিভাইসের মাধ্যমে আঙুলের ছাপ যাচাই করে একই দিনে মালিকানা পরিবর্তন সম্পন্ন করা হচ্ছে। একই সময়ে ক্রেতাও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক প্রদান করতে পারবেন।

মালিকানা পরিবর্তন না করলে ভবিষ্যতে বড় ধরনের আইনি জটিলতা হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। আইন অনুযায়ী যথাযথ সময়ে ব্যবস্থা গ্রহণ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

এস এম/ ২৪ জুন ২০২৬