ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যালান এলিয়াস – DesheBideshe

ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যালান এলিয়াস – DesheBideshe


ম্যানচেস্টার, ৩১ আগস্ট – পালমেইরাস থেকে পাঁচ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন ২২ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যালান এলিয়াস। ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটি তাকে দলে ভেড়াতে ৪০ মিলিয়ন ট্রান্সফার ফি খরচ করেছে।

পালমেইরাসের একাডেমি থেকে উঠে আসা এই তরুণ ফুটবলার মূল দলের হয়ে এ পর্যন্ত ৯৬টি ম্যাচ খেলেছেন। চলতি গ্রীষ্মকালীন দলবদলে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া ষষ্ঠ খেলোয়াড় হলেন এলিয়াস।

এর আগে ক্লাবটি এলিওট অ্যান্ডারসন, জেরোনিমো রুলি, আইয়ুব বুয়াদ্দি, জেরেমি মঙ্গা এবং পিয়ার্স চার্লসকে তাদের স্কোয়াডে যুক্ত করেছে।

ম্যানচেস্টার সিটির ডিরেক্টর অব ফুটবল হুগো ভিয়ানা এলিয়াসের প্রশংসা করে বলেন, অ্যালান অত্যন্ত প্রতিভাবান এবং রোমাঞ্চকর একজন খেলোয়াড়। আমাদের বর্তমান দলে তিনি বড় একটি ইতিবাচক সংযোজন হতে যাচ্ছেন।

সিটিতে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অ্যালান এলিয়াস বলেন, ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। গত দেড় দশকে ক্লাবটি যা অর্জন করেছে, তাতে এটি বিশ্বের অন্যতম সেরা ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পালমেইরাসকে ভালোবাসলেও সিটিতে আসার সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য খুব সহজ ছিল।

এলিয়াস আরও আশা প্রকাশ করেন যে, গ্যাব্রিয়েল জেসুস, এদেরসন এবং ফের্নান্দিনহোর মতো তার পূর্বসূরীদের উত্তরসূরী হয়ে প্রিমিয়ার লিগে সফল ব্রাজিলিয়ান ফুটবলারদের তালিকায় তিনি নিজের নাম খোদাই করতে পারবেন।

এনএন/ ৩১ আগস্ট ২০২৬