যাঁর জীবন নিয়ে বই, সেই রামেন্দুই বই হাতে হাজির চ্যানেল আইয়ে | চ্যানেল আই অনলাইন

যাঁর জীবন নিয়ে বই, সেই রামেন্দুই বই হাতে হাজির চ্যানেল আইয়ে | চ্যানেল আই অনলাইন

‘রামেন্দু মজুমদার: স্টেজিং আ লাইফটাইম’—৮৫ বছরের বহুমাত্রিক কর্মময় জীবনের ছবিতে সাজানো বইটি প্রকাশের পর এবার সেই বই নিয়েই চ্যানেল আইয়ে হাজির হলেন দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও সাংস্কৃতিক সংগঠক রামেন্দু মজুমদার।

বুধবার (১২ আগস্ট) চ্যানেল আই কার্যালয়ে এসে বইটি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বার্তাপ্রধান শাইখ সিরাজের হাতে।

তবে এই আসার মধ্যেই ছিল আলাদা এক চমক। কারণ, রামেন্দু মজুমদারের কাছ থেকে বইটি সংগ্রহ করতে তাঁর বাসায় যাওয়ার পরিকল্পনাই ছিল ফরিদুর রেজা সাগরের। কিন্তু সেই পরিকল্পনাকে যেন উল্টে দিয়ে নিজেই বই হাতে চ্যানেল আইয়ে চলে এলেন রামেন্দু মজুমদার।

বিষয়টি নিয়ে ফরিদুর রেজা সাগর জানান, বইটি এই গুণী মানুষের হাত থেকে, তাঁর বাসা থেকে নেওয়ার প্ল্যান ছিল। কিন্তু তিনি নিজেই আজ চলে এলেন চ্যানেল আইতে।

রামেন্দু মজুমদারের দীর্ঘ কর্মজীবন, থিয়েটারচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিজ্ঞাপনী পেশা, নাটক, চলচ্চিত্র, বেতার-টেলিভিশন এবং সাংগঠনিক নানা কাজের স্মৃতি ও দলিল নিয়ে প্রকাশিত হয়েছে দ্বিভাষিক বই ‘রামেন্দু মজুমদার: স্টেজিং আ লাইফটাইম, আ পিকটোরিয়াল ক্রনিকল’। বইটিতে রয়েছে প্রায় ২০০ ছবি ও ১০টির বেশি লেখা।

সম্প্রতি ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আনুষ্ঠানিকভাবে বইটির প্রকাশনা হয়। প্রকাশনা প্রতিষ্ঠান ‘ইচ্ছাপূরণ’-এর ব্যানারে প্রকাশিত বইটি সম্পাদনা ও প্রকাশ করেছেন ত্রপা মজুমদার।

সাতটি পর্বে সাজানো বইটিতে উঠে এসেছে রামেন্দু মজুমদারের জন্ম ও শিক্ষাজীবন থেকে শুরু করে থিয়েটার, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিজ্ঞাপনী সংস্থায় পেশাজীবন, নাটক-চলচ্চিত্র-বেতার-টেলিভিশনে কাজ, ব্যক্তিজীবন এবং সাংগঠনিক কর্মকাণ্ডের নানা অধ্যায়।