যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বিশ্ববাজারে কমলো তেলের দাম

যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বিশ্ববাজারে কমলো তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সরবরাহ-সংক্রান্ত উদ্বেগ কমে আসায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। খবর রয়টার্স’র।

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টরা যুদ্ধের অবসান এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতে সই করার পর বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। এর ফলে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।

আজ বৃহস্পতিবার দিনের শুরুতে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা ১ দশমিক ১২ শতাংশ কমে ৭৮ দশমিক ৬৬ ডলারে নেমে আসে। একই সময়ে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৯৮ সেন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৭৫ দশমিক ৮১ ডলারে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। প্রণালিটি পুনরায় স্বাভাবিকভাবে চালু হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা অনেকটাই কমেছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় থাকলে এবং চুক্তির বাস্তবায়ন অব্যাহত থাকলে আগামী দিনগুলোতেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমার প্রবণতা দেখা যেতে পারে। তবে ভূরাজনৈতিক পরিস্থিতির যেকোনো পরিবর্তন বাজারকে নতুন করে অস্থির করে তুলতে পারে বলেও সতর্ক করেছেন তারা।