যেভাবে ঢাকাই সিনেমার ‘মিয়া ভাই’ হয়ে উঠেছিলেন ফারুক | চ্যানেল আই অনলাইন

যেভাবে ঢাকাই সিনেমার ‘মিয়া ভাই’ হয়ে উঠেছিলেন ফারুক | চ্যানেল আই অনলাইন

‘লাঠিয়াল’ থেকে শুরু করে ‘সুজনসখী’। কখনো বা তাকে দেখা গেছে ‘সারেং বউ’-এ সারেং হিসেবে, আবার কখনো দেখা গেছে ‘মিয়া ভাই’ হিসেবেও। এমনকি তাকে সাহেব হিসেবে দেখেছে বাংলার সিনেমাপ্রেমীরা।

এরকম নানান চরিত্রের মধ্যদিয়ে তিনি পাঁচটি দশক পার করেছেন। বর্ণাঢ্য চলচ্চিত্র জীবন তার। এই বর্ণাঢ্য জীবনের কথা নিয়ে জীবদ্দশায় বেশ কয়েকবার চ্যানেল আই অনলাইনের মুখোমুখি হয়েছেন তিনি।

বলছি ‘মিয়া ভাই’ খ্যাত তারকা অভিনেতা ফারুকের কথা। দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন সিঙ্গাপুরে। ২০২৩ সালের মে মাসে বিদায় নেন এই কিংবদন্তী। মঙ্গলবার (১৮ আগস্ট) বর্ষীয়ান অভিনেতার জন্মদিন।

ঢাকাই সিনেমার এই বর্ষীয়ান অভিনেতার জন্মদিনে শ্রদ্ধায় স্মরণ করছেন সিনেমা অঙ্গনের মানুষেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ‘মিয়া ভাই’-কে নিয়ে লিখছেন অনেকে।

চলচ্চিত্রের এই প্রজন্মের অনেকে জানতে চান, ফারুককে কেন ‘মিয়া ভাই’ ডাকা হয়? কিংবা মিয়া ভাই ডাকলে তার কেমন লাগে? এসব অনুভূতির কথা জানিয়েছিলেন এই অভিনেতা।

এ বিষয়ে ফারুকের ভাষ্য ছিলো, ‘মিয়া ভাই’ কেন তা আসলে নিজেও বুঝি না। তবে বিষয়টা ভাল লাগে যখন কেউ ‘মিয়া ভাই’ বলে ডাকে। তবে এটা শুরু হয়েছিল মূলত ‘লাঠিয়াল’ ছবি থেকে। ‘লাঠিয়াল’ ছবিতে একটি সিক্যুয়েন্সে আমার ‘মিয়া ভাই’ ছিলো আনোয়ার হোসেন। সেখানে উনাকে লোকজন বলে তোমার ভাই তো অনেক অন্যায় করছে, জুলুম করছে মানুষের উপর। তো সেটার বিচার তোমাকে করতে হবে। তখন উনি এসে মারতে থাকে আমাকে। এক পর্যায়ে মার খেতে খেতে আমার মনে হয়েছে যে সে আমাকে এভাবে মারছে এটা তো সেও অন্যায় করছে। তখন চিৎকার দিয়ে বলে উঠি ‘মিয়া ভাই’। আর আমার সে চিৎকারে সে থমকে যায় এবং লাঠিটি ফেলে চলে যায়। এরপর থেকেই মূলত ‘মিয়া ভাই’ নামটি প্রচলিত হয়ে ওঠে। সবাই ‘মিয়া ভাই’ বলে ডাকতে শুরু করে। আমি তখন বুঝতাম না কেন সবাই ‘মিয়া ভাই’ বলে ডাকে। তবে এটার কারণটা হলো বিচার-আচার, কারো দুঃখ, কাউকে সাহায্য করা এগুলোর জন্যই মূলত ‘মিয়া ভাই’ বলে ডাকত। মিয়া ভাই ডাকটি বড় অন্তরের ডাক, বড় হৃদয়ের ডাক।

হাহাকার নিয়ে এই চিত্রতারকা মৃত্যুর কিছুদিন আগে এক সাক্ষাৎকার বলেছিলেন, “মাঝে মাঝে একটা কথা মনে হলে খুব আনন্দ হয় এবং সেই সাথে কষ্টও পাই। সেটি হলো, যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবো তখন অনেকেই বলবে ‘মিয়া ভাই’ আর থাকলো না। এ বিষয়টি যেমন আনন্দ দেয় ঠিক তেমনি কষ্টও দেয়। কষ্ট দেয় কারণ সবাইকে ছেড়ে চলে যেতে হবে।”