যেভাবে দরুদ পড়লে জীবনে দুশ্চিন্তা কমে আসে

যেভাবে দরুদ পড়লে জীবনে দুশ্চিন্তা কমে আসে

দরুদ পাঠকারীর ওপর আল্লাহ–তাআলা সরাসরি রহমত বর্ষণ করেন। আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, তিনি নবীজিকে বলতে শুনেছেন, ‘যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার প্রতি দশবার রহমত নাজিল করেন।’ (সহিহ মুসলিম, হাদিস: ৪০৮)

নিয়মিত দরুদ পাঠে মানুষের পাপ মোচন হয়, মানসিক দুশ্চিন্তা কমে এবং জীবনে প্রশান্তি আসে। সাহাবি উবাই ইবনে কাব (রা.) জিজ্ঞাসা করলেন, ‘আল্লাহর রাসুল, আমি তো খুব দরুদ পাঠ করি। দরুদ পাঠের জন্য আমি কতটা সময় নির্ধারণ করব?’

রাসুল বললেন, ‘তুমি যতটুকু চাও।’ উবাই একে একে এক-চতুর্থাংশ, অর্ধেক ও দুই-তৃতীয়াংশ সময়ের কথা বললে আল্লাহর রাসুল প্রতিবারই বললেন, ‘তুমি যতটুকু চাও, তবে এর চেয়ে বাড়াতে পারলে তোমারই কল্যাণ।’

শেষ পর্যন্ত উবাই যখন বললেন, ‘তাহলে আমার পুরো সময়টাই আপনার দরুদ পাঠে কাটিয়ে দেব?’ তখন রাসুল (সা.) বললেন, ‘তাহলে এটি তোমার চিন্তা ও কষ্টের অবসানের জন্য যথেষ্ট হবে এবং তোমার পাপসমূহ ক্ষমা করা হবে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৪৫৭)