যেসব কারণে বাংলাদেশে আসতে মুখিয়ে থাকেন পাকিস্তানের আতিফ! | চ্যানেল আই অনলাইন

যেসব কারণে বাংলাদেশে আসতে মুখিয়ে থাকেন পাকিস্তানের আতিফ! | চ্যানেল আই অনলাইন

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম এখন ঢাকায়। বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে তিনি রাজধানীতে পৌঁছান। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মাদানি এভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘আতিফ আসলাম লাইভ ইন ঢাকা’

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কনসার্ট, নতুন অ্যালবাম, বাংলাদেশি খাবার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন এই তারকা শিল্পী।

আতিফ জানান, এর আগে বহুবার তিনি ঢাকায় এসেছেন এবং বাংলাদেশে আসার জন্য তিনি সবসময়ই অপেক্ষা করে থাকেন। তিনি বলেন, “আমি বাংলাদেশে আসার অপেক্ষায় থাকি। এখানকার শ্রোতারা দারুণ উদ্যমী এবং সংবেদনশীল। এখানে অনেক মানুষ আমার গান শোনেন। আমি সত্যিই আপনাদের সবাইকে ভালোবাসি।”

আসন্ন কনসার্টের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, “আমার প্রথম প্রার্থনা, যেন বৃষ্টি না হয়। তবে বৃষ্টি হলেও দর্শকদের সঙ্গে সেই পরিবেশ আরও উপভোগ্য হয়ে উঠতে পারে। গতবারের পারফরম্যান্সের তুলনায় এবার কিছুটা ভিন্নধর্মী আয়োজন থাকবে, দর্শক নতুন কিছু পেতে পারেন।”

সংবাদ সম্মেলনে বাংলাদেশি খাবারের ভূয়সী প্রশংসাও করেন আতিফ আসলাম। বিশেষ করে খিচুড়ি, মালাই চা ও বিরিয়ানি তার সবচেয়ে প্রিয় খাবারের তালিকায় রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, “আমি বিশ্বের যেখানেই যাই, বাংলাদেশি খাবারের প্রশংসা করি। মানুষ আমাকে চাইনিজ বা থাই খাবারের কথা জিজ্ঞেস করে, আমি বলি—একবার বাংলাদেশে গিয়ে খাবার খেয়ে দেখো, তারপর আমাকে বলো।”

বিশ্বের বিভিন্ন দেশে গেলেও বাংলাদেশের খাবারের কথা তিনি গর্ব করে বলেন এবং কেউ ভালো খাবারের পরামর্শ চাইলে বাংলাদেশে এসে খাবার চেখে দেখার পরামর্শও দেন।

কনসার্টের খবরের পাশাপাশি ঢাকায় এসেই ভক্তদের জন্য আরও বড় সুখবর দেন আতিফ। দীর্ঘদিন পর তিনি নিজের পছন্দের গান নিয়ে নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন। আগামী ৩১ জুলাই প্রকাশ পাবে তার নতুন অ্যালবাম ‘সুবাহ্ আয়না’

আতিফ জানান, গত কয়েক বছর তিনি চলচ্চিত্রের গান, কনসার্ট ও রেকর্ডিং নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে নিজের লেখা ও সুর করা গান প্রকাশের সুযোগ পাননি। তিনি বলেন, “অনেক দিন ধরেই মনে হচ্ছিল, নিজের পছন্দের গানগুলো প্রকাশ করা আমার নিজের কাছেই একটি দায়বদ্ধতা। তাই এবার সেই কাজটি করছি। ইনশাআল্লাহ, এখন থেকে প্রতি বছর একটি করে অ্যালবাম প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।”

নতুন অ্যালবাম সম্পর্কে তিনি জানান, ‘সুবাহ্ আয়না’-তে মোট আটটি গান থাকছে। প্রায় আট বছর ধরে তিনি এই প্রজেক্টে কাজ করেছেন। অ্যালবামে রাজ, শিরাজ উপ্পল, আহসান পারভেজ মেহেদীসহ আরও কয়েকজন সংগীতশিল্পী ও প্রযোজকের সঙ্গে কাজ করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এর আগে বাংলাদেশি সিনেমার জন্য ‘মিঠে আলো’ শিরোনামের একটি গান গেয়েছেন। ভবিষ্যতেও বাংলাদেশের চলচ্চিত্র ও সংগীতশিল্পীদের সঙ্গে নতুন প্রজেক্টে কাজ করার আগ্রহ রয়েছে তার।

বাংলাদেশের দর্শকদের প্রতি ভালোবাসা, দেশের খাবারের প্রশংসা, নতুন অ্যালবামের ঘোষণা এবং বাংলাদেশের শিল্পীদের সঙ্গে কাজ করার আগ্রহ—সব মিলিয়ে ঢাকায় পা রেখেই ভক্তদের জন্য একগুচ্ছ সুখবর নিয়ে এসেছেন দক্ষিণ এশিয়ার এই জনপ্রিয় সংগীতশিল্পী।