রাখাইনের মংডুতে চলছে বিমান হামলা, বিস্ফোরণে কাঁপছে টেকনাফ

রাখাইনের মংডুতে চলছে বিমান হামলা, বিস্ফোরণে কাঁপছে টেকনাফ

জালিয়াপাড়ার বাসিন্দা দিল মোহাম্মদ বলেন, মংডু থেকে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুনের ঝলকানি নিয়ে বস্তু নাফ নদীর দিকে এসে পড়ছে। অন্ধকার রাতে আগুনের ঝলকানি দেখা যাচ্ছে, যা কিছুক্ষণ পর আবার নিভে যাচ্ছে। এসব জালিয়াপাড়ায় এসে লোকজনের ঘরবাড়ির ওপর পড়লে প্রাণহানি ঘটতে পারে—এই শঙ্কায় মানুষ উদ্বিগ্ন।

টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কুলালপাড়ার বাসিন্দা মো. সোহেল বলেন, তাঁর বাড়ি মিয়ানমার সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। হঠাৎ ওপার থেকে কয়েক দফা বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আগের তুলনায় এবারের বিমান হামলা ও বিস্ফোরণের তীব্রতা অনেক বেশি।

হ্নীলা ইউনিয়নের হোয়াকিয়াপাড়ার বাসিন্দা আয়েশা ছিদ্দিকী বলেন, রাতে ওপারে হঠাৎ বিস্ফোরণে তাঁর বাড়িঘর কেঁপে ওঠে। বিকট শব্দে তাঁর সন্তানের ঘুম ভেঙে যায় এবং কান্নাকাটি শুরু করে।