নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে আর কোনো বিলম্ব নয়-চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন এবং জুলাই জাতীয় সনদের কার্যকর বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেছেন, গণভোটে জনগণের দেওয়া মতামত উপেক্ষা বা বাস্তবায়নে দীর্ঘসূত্রতা তৈরি হলে দেশে অপ্রয়োজনীয় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে। তাই জনগণকে রাজপথে নামার পরিস্থিতিতে না ঠেলে দ্রুত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
বুধবার (১১ জুলাই) বিকেলে গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের উদ্যোগে আয়োজিত ‘জুলাই সনদ: নতুন বাংলাদেশ নির্মাণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই জাতীয় সনদে রাষ্ট্র সংস্কারের জন্য ৮৪টি প্রস্তাবের বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছিল। এর মধ্যে ৪৭টি প্রস্তাব সংবিধান সংশোধনের মাধ্যমে এবং ৩৭টি প্রস্তাব নির্বাহী আদেশ কিংবা প্রয়োজনীয় আইন প্রণয়নের মাধ্যমে বাস্তবায়নের কথা ছিল। কিন্তু বর্তমানে সনদ বাস্তবায়নের কথা বলা হলেও প্রশাসন, স্থানীয় সরকারসহ বিভিন্ন সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় প্রভাবের প্রবণতা দেখা যাচ্ছে, যা জুলাই আন্দোলনের মূল আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আরও বলেন, একটি নতুন বাংলাদেশ গড়তে হলে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ভারসাম্য নিশ্চিত করা জরুরি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগ, আইনসভা ও নির্বাহী বিভাগের মধ্যে কার্যকর ভারসাম্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবিধানের সীমার বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা অসাংবিধানিক ঘোষণা করার এখতিয়ার সুপ্রিম কোর্টের রয়েছে।
অ্যাডভোকেট শিশির মনির বলেন, জনগণই রাষ্ট্রক্ষমতার প্রকৃত মালিক। জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা তৈরি হয়েছে, তা বাস্তবায়ন হলে একটি জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পথ তৈরি হবে।
গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সঞ্চালনা করেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আইনজীবী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




