রাজশাহীতে আম নামানোর সময়সূচি ঘোষণা: শুরু ১৫ মে – DesheBideshe

রাজশাহীতে আম নামানোর সময়সূচি ঘোষণা: শুরু ১৫ মে – DesheBideshe


রাজশাহীতে আম নামানোর সময়সূচি ঘোষণা: শুরু ১৫ মে – DesheBideshe

রাজশাহী, ১০ মে – রাজশাহীতে আগামী ১৫ মে থেকে গুটি আম সংগ্রহের মাধ্যমে শুরু হচ্ছে চলতি মৌসুমের আম পাড়া। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম বাজারে আসবে। রোববার বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এক সভায় আম সংগ্রহের এই ক্যালেন্ডার ঘোষণা করা হয়। অপরিপক্ব আম বাজারজাত রোধ এবং আমের গুণগত মান নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও জেলা প্রশাসন এই সময়সূচি নির্ধারণ করেছে।

ঘোষিত সূচি অনুযায়ী, ২২ মে থেকে গোপালভোগ এবং ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ আম নামানো যাবে। ৩০ মে থেকে বাজারে আসবে হিমসাগর ও খিরসাপাত। এছাড়া ১০ জুন থেকে ল্যাংড়া ও আম্রপালি এবং ১৫ জুন থেকে ফজলি আম সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। জুলাই মাসেও আম সংগ্রহ চলবে। ৫ জুলাই থেকে বারি আম ৪, ১০ জুলাই থেকে আশ্বিনা এবং ১৫ জুলাই থেকে গৌড়মতি আম সংগ্রহ করা যাবে।

তবে কাটিমন ও বারি আম ১১ জাতের আম সারা বছরই সংগ্রহ করা সম্ভব বলে কৃষি বিভাগ জানিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহীতে এবার ১৯ হাজার ৩৬২ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। জেলায় আমের সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে প্রায় ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন। উৎপাদিত আমের সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৭৮০ কোটি টাকার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সভায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের আগে আম পাড়া যাবে না। বাজারে অনিরাপদ আম রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ব্যবসায়ী বা চাষি প্রশাসনিক সিদ্ধান্ত অমান্য করলে বা কৃত্রিমভাবে আম পাকানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমের স্বাদ ও মান ধরে রাখতে সঠিক সময়ে আম পাড়া জরুরি বলে মনে করেন কৃষি কর্মকর্তারা।

এস এম/ ১০ মে ২০২৬