সময়ের অন্যতম সফল নির্মাতা রায়হান রাফী। ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘তাণ্ডব’ দিয়ে তিনি দর্শকদের কাছে আস্থা অর্জন করেছেন। বিগত কয়েক বছর ধরে, ঈদ এলেই নির্মাতা রায়হান রাফীর সিনেমার প্রতি আলাদা কদর থাকে!
শুধু সিনেমা নয়, ওয়েব কনটেন্টেও রাফী মুন্সিয়ানা দেখিয়েছেন। এবারের ঈদে রাফী নায়ক ছাড়াই চার অভিনেত্রী শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্তদের নিয়ে ‘প্রেশার কুকার’ নামে একটি সিনেমা আনছেন।
এরইমধ্যে সিনেমাটির পোস্টার প্রকাশ করেই চমকে দিয়েছেন। ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মস এর যৌথ প্রযোজনায় এবার ‘প্রেশার কুকার’-এর ট্রেলার আসছে!
শুক্রবার দিবাগত রাতেই অবশ্য সেই ইঙ্গিত দিয়েছেন রাফী। দর্শকদের দিয়েছিলেন ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ’ বিজ্ঞপ্তি! লিখেছিলেন,“যাদের হেডফোন আছে, কাছে রাখুন। আর যাদের নেই… এখনই জোগাড় করুন।”
কেন এমন আয়োজন? সে বিষয়ে রাফী ওই পোস্টে লিখেছিলেন,“কারণ ‘প্রেশার কুকার’-এ এবার সিটি শুধু বাজবে না…ফাটবে!”
পরে শনিবার দুপুরে আরো একটি পোস্টে রাফী খোলাসা করে বলেন, ‘প্রেশার কুকার’-এর ট্রেলার আসছে যে কোনো মুহূর্তে!
গেল মাসেই প্রথম ‘প্রেশার কুকার’-এর পোস্টার শেয়ার করেন রাফী। পোস্টারে একসঙ্গে দেখা গেছে চার নারী চরিত্রকে- চিত্রনায়িকা শবনম বুবলী, ‘হাওয়া’খ্যাত নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া চৌধুরী। নায়কবিহীন এই সিনেমার ভিজ্যুয়ালেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, গল্পের কেন্দ্রে থাকছেন নারীরাই।
পোস্টার প্রকাশের সঙ্গে দেওয়া বার্তায় রাফী লেখেন,“এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেশার কুকারে সিটি বেজে ওঠে। না তারা এই শহর থেকে বের হতে পারে, না এই শহর তাদের থেকে…।”
ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রাম- এই বাস্তবতার ভেতর দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রা তুলে ধরা হবে সিনেমায়।





