<![CDATA[
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের সংর্ঘষের ঘটনায় লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম লেদু বাদী হয়ে উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করছেন।
রোববার (৯ এপ্রিল) বাদী হয়ে রামগঞ্জ থানায় তিনি এ মামলা করেন।
প্রসঙ্গত, শনিবার (৮ এপ্রিল) বিকেলে সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি পালনের অংশ হিসাবে রামগঞ্জ শহরের সাতারপাড়া চৌরাস্তায় অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়। ঘটনার সময় অন্তত ১০টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।
মামলার বাদী জেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম আহ্ববায়ক নজরুল ইসলাম লেদু বলেন, পৌরশহরের নন্দনপুর গ্রামের এরশাদ হোসেন সড়কের সামনে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি পালনকালে বিএনপির নেতাকর্মীরা আমাদের কর্মসূচিতে ইটপাটকেল ছুঁড়ে মারেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
আরও পড়ুন : লক্ষ্মীপুরে মাদক দ্রব্যসহ কারবারি আটক
অন্যদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. মামুন আহমেদ বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এরশাদ হোসেন রোডের পাশে আমরা অবস্থান কর্মসূচি পালন করছিলাম। এ সময় আওয়ামী লীগ ও পুলিশ বাহিনী আমাদের উপর ইটপাটকেল ছুঁড়ে মেরেছেন। এতে আমাদের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ইমাম হোসেন অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ও পুলিশ আমাদের কর্মসূচি হামলা করেছে। এখন উল্টো আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করেছেন। ওই দিন ইফতারের পর রামগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বয়ক মনোয়ার হোসেনের বসত বাড়িতেও হামলা করেছে। বাড়ির সামনে তার দোকানে তালা ঝুঁলিয়ে দিয়েছেন সরকার দলীয় লোকজন।
আরও পড়ুন : মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১৩ জেলে আটক
এদিকে মামলার পর শনিবার রাত ১টার দিকে রামগঞ্জ পৌরসভার বাঁশঘর মজুমদার বাড়ী থেকে উপজেলা বিএনপি নেতা সাবেক কাউন্সিলর আবদুস সাত্তার মজুমদারের মেয়ে ও পৌরসভার ১-২-৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারজানা মজুমদার জনি ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক আবদুর রহমানকে আটক করেছে পুলিশ।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. এমদাদুল হক বলেন, বিএনপির ১৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে ভাংচুরসহ বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন শ্রমিকলীগ নেতা নজরুল ইসলাম লেদু। এ ঘটনায় রামগঞ্জ পৌরসভার একজন মহিলা কাউন্সিলরসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
]]>



