<![CDATA[
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ২০ কেজি গাঁজা ও ২ বোতল ফেনসিডিলসহ মো. মনির হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৯ এপ্রিল) দুপুরে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এর আগে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. মনির হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার মনির লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন দেওপাড়া গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে জানিয়েছে র্যাব।
নোয়াখালী র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে মাদক ব্যবসায়ী নিহত
র্যাবের ওই কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে আটক মনির জানিয়েছেন, উদ্ধার করা মাদক কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাব বাদী হয়ে মামলা করেছে। পরে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মো. মনির হোসেনকে আদালতে সোপর্দ করা হবে।
]]>


