যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক আকবর হোসেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি স্বেচ্ছায় এই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি। সেখানে আকবর হোসেন উল্লেখ করেন, পারিবারিক পরিস্থিতির কারণে লন্ডনে দায়িত্ব পালন চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, তার এই সিদ্ধান্তের পেছনে অন্য কোনো কারণ নেই।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার তাকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর হওয়ার কথা ছিল। নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্যান্য পেশাগত সম্পৃক্ততা ত্যাগ করতে হয়।
কূটনৈতিক দায়িত্ব গ্রহণের আগে আকবর হোসেন বিবিসি বাংলার ঢাকা কার্যালয়ে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।তার আকস্মিক পদত্যাগে কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে, যদিও তিনি ব্যক্তিগত কারণকেই এর একমাত্র কারণ হিসেবে উল্লেখ করেছেন।




