লুইপার নতুন শুরু

লুইপার নতুন শুরু

লুইপা বলেন, ‘হাতে নতুন গান তিন-চারটা আছে। আপাতত একটি গান প্রকাশ করব। তবে কোনটা করব, সিদ্ধান্ত নিতে পারছি না। চেষ্টা করব রুনা ম্যামের জন্মদিনে একটি গান প্রকাশের। এবার ১৫ থেকে ১৭ নভেম্বরের মধ্যে দেওয়ার চেষ্টা করব।’

কিংবদন্তির সুরে, আশীর্বাদে

রুনা লায়লার জন্মদিনেই গত বছর ‘চুড়ি ছাম ছাম’ প্রকাশ করেছিলেন লুইপা। সামাজিক মাধ্যমে গানটি সাড়া পায়। তাঁর কথায়, ‘প্রতিবছরই রুনা লায়লা ম্যামের জন্মদিনে নতুন কিছু করার চেষ্টা থাকে। দিনটা আমার কাছে খুব বিশেষ।’
গানটি এতটা সাড়া পাবে, ভাবেননি লুইপা। তাঁর মতে, ভিডিওতে রুকাইয়া জাহান চমকের উপস্থিতি ও পরিবেশনা গানটির গ্রহণযোগ্যতা বাড়িয়েছে।

এর আগে রুনা লায়লার সুরে ‘এই দেখা শেষ দেখা’ গেয়েছেন লুইপা। গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানটি প্রকাশ করে ধ্রুব মিউজিক স্টেশন। সেই অভিজ্ঞতা নিয়ে লুইপা বলেন, ‘আমার অনেক সৌভাগ্য যে তাঁর সুর করা গান গেয়েছি। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা অনেক বড় বিষয়।’

‘চুড়ি ছাম ছাম’ মুক্তির পর লুইপার আরেকটি গানে সুর করার ইচ্ছা প্রকাশ করেন রুনা লায়লা। তবে সেই কাজ নিয়ে এখনো বসা হয়নি। লুইপার আশা, আবার দেখা হলে কাজটিও এগোবে।

মেয়ের শৈশব ধরে রাখতে

‘চুড়ি ছাম ছাম’-এর পর এসেছে ‘ও আমার জানু’। সর্বশেষ ৪ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে ‘প্রজাপতি’। এই গানের ভিডিওতে লুইপার সঙ্গে দেখা গেছে তাঁর মেয়ে পায়রাকে। গানটির সঙ্গে জড়িয়ে আছে সন্তানকে নিয়ে মা–বাবার মুগ্ধতার গল্প।

গীতিকার রবিউল ইসলাম জীবন মেয়েকে নিয়ে গ্রামে গিয়েছিলেন। সেখানে প্রজাপতি দেখে মেয়ের মুগ্ধতা থেকেই গানটি লেখার ভাবনা আসে। গল্পটি শুনে লুইপার মনে হয়, নিজের মেয়ের শৈশবও গানের মধ্যে ধরে রাখা যায়।

লুইপা বলেন, ‘সামনে আমার মেয়েরও জন্মদিন। ওর বয়স বাড়ছে, একদিন বড় হয়ে যাবে। এখনকার এই সময়টাকে বন্দী করে রাখার জন্যই গানটা করা।’