<![CDATA[
চাঁপাইনবাবগঞ্জ শহরে আতঙ্ক ছড়াতে পরপর আটটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের নিমতলা এলাকায় আটটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তার মধ্যে চারটি ককটেল বিস্ফোরিত হয়।
পরবর্তীতে পুলিশ এসে চারটি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে, এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
প্রত্যাক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে শহরের ম্যাথরপাড়ার দিক থেকে ১০-১২ জন কিশোর দল বেঁধে এসেই ককটেলগুলো নিক্ষেপ করে পালিয়ে যায়।
আরও পড়ুন: নোয়াখালীতে অস্ত্র ও ককটেলসহ আটক ১
এরপর পরই আরামবাগ মোড়ে ইটপাটকেল ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে ওই কিশোরেরা। এ সময় পুরো শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে স্থানীয়রা পুলিশে খবর দিলে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ বিষয়ে চাঁপাইনবাবাগঞ্জ সদর মডেল থানর এসআই আফজাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
]]>



