শান্তিরক্ষা দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা ও শ্রদ্ধা – DesheBideshe

শান্তিরক্ষা দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা ও শ্রদ্ধা – DesheBideshe


শান্তিরক্ষা দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা ও শ্রদ্ধা – DesheBideshe

ঢাকা, ৯ জুন – বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি বিশ্বের সকল শান্তিরক্ষীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ ও সহিংসতা কবলিত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন।

বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনকালে যেসব সাহসী শান্তিরক্ষী প্রাণ উৎসর্গ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন যে তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশের শান্তিরক্ষীদের পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করে বলেন, এদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন দেশে মানবিক মূল্যবোধের পরিচয় দিয়ে দেশের সুনাম বৃদ্ধি করেছেন। তাদের দায়িত্বশীল ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। বিশেষ করে নারী শান্তিরক্ষীদের সক্ষমতা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের নারী শান্তিরক্ষীরাও দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছেন, যা নারীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়নের একটি উজ্জ্বল চিত্র।

ভবিষ্যতে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে তিনি বাণীতে উল্লেখ করেন।

একটি নিরাপদ ও উন্নত বিশ্ব গঠনে শান্তি ও সম্প্রীতির মূল্যবোধ নিয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এনএন/ ৯ জুন ২০২৬