শারজাহ ও আবুধাবি রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা | চ্যানেল আই অনলাইন

শারজাহ ও আবুধাবি রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশের অন্যতম বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৩ মার্চ থেকে শারজাহ এবং ১৪ মার্চ থেকে আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে।

মধ্যপ্রাচ্য পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশীরা ভিসা সংক্রান্ত জটিলতার কারনে অনিশ্চিত সময় অতিক্রম করছে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর পালন করার উদ্দেশ্যে প্রবাসীরা বাংলাদেশে এসে পরিবার পরিজন এর সাথে মিলিত হতে পারবে কিনা তা নিয়ে নানা উৎকণ্ঠা রয়েছে ।

সকল ধরনের অনিশ্চিয়তা থেকে পরিত্রাণের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৩ মার্চ থেকে সপ্তাহে চারদিন (শুক্র, রবি, মঙ্গল ও বুধবার) ঢাকা থেকে শারজাহ এবং ১৪ মার্চ থেকে সপ্তাহে তিনদিন (শনি, সোম ও বৃহস্পতিবার) ঢাকা থেকে আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। প্রতি সোমবার চট্টগ্রাম থেকে আবুধাবি এর উদ্দেশে সরাসরি ফ্লাইট ছেড়ে যাবে।

আজ মঙ্গলবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে শুক্র, রবি, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে শারজাহ এর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং শারজাহ থেকে ঢাকার উদ্দেশ্যে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ফ্লাইট ছেড়ে আসবে।

ইউএস-বাংলা ঢাকা থেকে শনি ও বৃহস্পতিবার সরাসরি ৫টা ৫০ মিনিটে এবং সোমবার ৩টা ৫৫ মিনিটে চট্টগ্রাম হয়ে আবুধাবির উদ্দেশ্যে যাত্রা করবে। এবং চট্টগ্রাম থেকে সোমবার ৫টা ৫০ মিনিটে আবুধাবি এর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং আবুধাবি থেকে ঢাকার উদ্দেশ্যে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ফ্লাইট ছেড়ে আসবে।

শারজাহ ও আবুধাবি রুটে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে ৩টি ৪৩৬ আসনের তিনটি এয়ারবাস ৩৩০-৩০০ এবং ১৮৯ আসনের নয়টি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ২৫ টি এয়ারক্রাফট আছে।

এখানে উল্লেখ্য প্রতিদিন ঢাকা থেকে দুবাই রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা অব্যাহত আছে। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য জেদ্দা, রিয়াদ, মাস্কাট রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে। খুব শীঘ্রই ঢাকা থেকে দোহা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করার পরিকল্পনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এছাড়া টিকেট সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে।